ওসমানীনগরে ১৪৪ ধারা জারি
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০১৫ ইং, ৭:২৭ অপরাহ্ণ | সংবাদটি ৪৭৩ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটর ওসমানীনগরের গোয়ালাবাজারে বিবদমান দুটি পক্ষ একই স্থানে প্রতিবাদ সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে ওসমানীনগর উপজেলা প্রশাসন। উপজেলার গোয়ালাবাজারসহ এর আশপাশ এলাকায় সোমবার সকাল ১০টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে লিখিত আদেশ জারি করেছে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শওকত আলী।
গোয়ালাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সৈয়দ কওছর আহমদের ওপর হামলার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে সোমবার সকাল ১১টায় উপজেলার গোয়ালাবাজারের করণসী রোডে এক প্রতিবাদ সমাবেশ করার কথা ঘোষণা দেওয়া হয়। এ ব্যাপারে গত রোববার সন্ধ্যার পর থেকে এলাকায় মাইকিং করা হয় কওছর আহমদের পক্ষ থেকে। এরই জের ধরে জেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমানের ওপর হামলার প্রতিবাদে একই স্থানে একই সময় প্রতিপক্ষ স্থানীয় ছাত্রলীগ প্রতিবাদ সমাবেশের ডাক দিয়ে রোববার রাত থেকে পাল্টা মাইকিং শুরু করে। এ নিয়ে এলাকায় উভয় গ্র“পের মধ্যে উত্তেজনা বিরাজ করে। বড় ধরণের সংঘর্ষের আশংকায় স্থানীয় জনসাধারণের মধ্যে আতংক সৃষ্টি হয়। গোয়ালাবাজারে যে কোন ধরণের বিশৃংখলা ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে সোমবার সকাল ১০টা থেকে গোয়ালাবাজার ও এর পার্শ্ববর্তী এলাকায় সকল ধরণের সভা সমাবেশ নিষিদ্ধ করে ফৌজধারী কার্যবিধি ১৪৪ ধারা জারি করা হয়। ওসমানীনগর থানা পুলিশ সোমবার সকালে মাইকিং করে ১৪৪ ধারা জারির বিষয়টি এলাকায় জানিয়ে দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করে বলেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোয়ালাবাজার এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।


