জগন্নাথপুর থানা পুলিশের প্রসংশনীয় অভিযান, চুরি যাওয়া আরেকটি মোটরসাইকেল উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০১৫ ইং, ৮:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ১০৪৩ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর:: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের প্রসংশনীয় অভিযানে চুরি যাওয়া আরেকটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একটি মোটরসাইকেল চুরির সূত্র ধরে পুলিশের বিশেষ অভিযানে দুইটি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
জানাগেছে, গত সোমবার গভীর রাতে জগন্নাথপুর পৌর শহরের বাড়ি জগন্নাথপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আজাদ আলীর বাসা থেকে মোটরসাইকেল চুরি হয়। এ চুরির সূত্র ধরে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধারে শুক্রবার জগন্নাথপুর থানার এসআই মঈন উদ্দিন ও এসআই অনির্বাণ বিশ্বাসের নেতৃত্বে পৃথক পুলিশ দল জগন্নাথপুর, সিলেট, গোলাপগঞ্জ, বড়লেখাসহ দেশের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায়। অভিযানকালে চোর সিন্ডিকেটের ৭ সদস্যকে গ্রেফতার করে থানা পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাত সাড়ে ১১ টার দিকে বড়লেখা থানার দিমাই গ্রাম এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চুরি যাওয়া ব্যবসায়ী আজাদ আলীর ডিসকভার মোটর সাইকেলের সাথে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের সাচায়ানী গ্রামের জামিল হোসেন গেদনের চুরি যাওয়া আরেকটি ওয়াল্টন মোটর সাইকেল উদ্ধার করা হয়। এ মোটর সাইকেলটি গত ৫ অক্টোবর রাতে জামিল হোসেন গেদনের বাড়ি থেকে চুরি হয়েছিল। এ ঘটনায় গত ১৩ অক্টোবর জামিল হোসেন গেদন বাদি হয়ে একই গ্রামের সুরুজ মিয়ার ছেলে রাজ্জাক মিয়া, চান মিয়া ও চান মিয়ার ছেলে জিল্লুর রহমানসহ ৩ জনকে আসামি করে সুনামগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। গতকাল রোববার গ্রেফতারকৃত চোর সিন্ডিকেটের ৭ সদস্যকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয় এবং উদ্ধার হওয়া মোটর সাইকেলগুলো মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।


