বিশ্বনাথে বিদ্যুতের যন্ত্রনায় অতিষ্ঠ উপজেলাবাসী
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০১৫ ইং, ৫:২২ অপরাহ্ণ | সংবাদটি ৫৭২ বার পঠিত
তজম্মুল অালী রাজু:: বিশ্বনাথে ঘন্টায় চারবার বিদ্যুৎ আসে আর যায়। গত এক সপ্তাহ ধরে এভাবে বিদ্যুৎ আসা-যাওয়ার ফলে অতিষ্ট হয়ে উঠেছে উপজেলাবাসীর জনজীবন। স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায়ও ঘটছে বিঘœ। ব্যবসা বাণিজ্যে দেখা দিচ্ছে মন্দাভাব। বিদ্যুৎ নিয়ে এলাকারবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে বলে জানাগেছে।
প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলা হওয়াতে প্রতি বছর দেশে বেড়াতে আসেন বিপুল সংখ্যক প্রবাসীরা। কিন্তু বিদ্যুতের এহেন যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে যাওয়ার সময় প্রায় বেশির ভাগ প্রবাসীই বলতে বাধ্য হন আর দেশে না আসার কথা। ছোট ছোট ছেলে-মেয়েদেরকে নিয়েই বেশি সমস্যায় পড়তে হয় প্রবাসীদেরকে। অনেকের আবার বাসা-বাড়িতে নামী-দামী ফ্রিজ-টিভি ও কম্পিউটার রয়েছে। কিন্তু এভাবে গণগণ বিদ্যুৎ আসা-যাওয়ার ফলে এগুলো নষ্ট হওয়ার আশংকায় ভুগছেন তারা। প্রচন্ড গরমে বিদ্যুতের ভেলকিভাজি শুরু হয়েছে বলে মন্তব্য করেন এলাকার অনেকে।
উপজেলার রামপাশা গ্রামের রিপন মিয়া বলেন, আমাদের এলাকায় ১ ঘন্টা বিদ্যুৎ দিলে তার পরবর্তী ৩ ঘন্টা বিদ্যুৎ থাকেনা।
কারিকোনা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মখলিছ আলী বলেন, বিদ্যুতের যন্ত্রনায় অতিষ্ট হয়েছি। বিদ্যুৎ এই আসে এই চলে যায়। এর আগে এভাবে কখনও বিদ্যুতের যন্ত্রনায় পড়তে হয়নি।
বিশ্বনাথ বাজারের ব্যবসায়ী বাবুল মিয়া বলেন, উপজেলা সদরের ঘন্টায় চার-পাঁচ বিদ্যুৎ আসে আর যায়। এতে ব্যবসা বানিজ্য ঠিক মত করতে পারছি না। পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের এটা কোনো ধরনের আচরন বুঝতে পারিনা।


