শমসের মবিনের পদত্যাগে বিএনপিতে প্রভাব পড়বে না: সিলেটে মির্জা ফখরুল
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০১৫ ইং, ৪:১৮ অপরাহ্ণ | সংবাদটি ৫৬৮ বার পঠিত
নিউজ ডেস্ক:: বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর পদত্যাগে বিএনপিতে কোন প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সিলেটে মির্জা ফখরুল এ কথা বলেন।
জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছান। সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি হযরত শাহজালাল (র.)-এর মাজারে প্রবেশ করেন বলে জানিয়েছেন সিলেট সদর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রউফ।
মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব চৌধুরী জানান, বিকেলে জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতাদের সাথে বৈঠকেরও সম্ভাবনা রয়েছে।
এদিকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরে আসার খবরটি সিলেটের শীর্ষ নেতারা জানলেও কেন্দ্রের নির্দেশে তা গোপন রাখছেন। এমনকি দলের মধ্যম সারির নেতাদেরও বিষয়টি জানানো হয়নি।
শমসের মবিনের পদত্যাগের কারণে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাই চেয়ারম্যান তারেক রহমানের কোনো বার্তা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়ত সিলেট এসেছেন, এমনটাই ধারণা করছেন সিলেট বিএনপির শীর্ষ নেতারা।


