আগামীকালের পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে বেলা ২টায়
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০১৫ ইং, ৬:৩৫ অপরাহ্ণ | সংবাদটি ৭৬২ বার পঠিত
নিউজ ডেস্ক:: লেখক-প্রকাশক হত্যার প্রতিবাদ ও জড়িতদের বিচার দাবিতে গণজাগরণ মঞ্চের ডাকা হরতালের কারণে আগামীকাল মঙ্গলবারের অষ্টম শ্রেণীর জেএসসি ও জেডিসি পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। সকাল ১০টার পরিবর্তে বেলা দুইটায় এই পরীক্ষা শুরু হবে।আন্তঃবোর্ড সমন্বয় সাব-কমিটির আহবায়ক ও ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক বলেন, পরীক্ষাসূচি অনুযায়ী ইংরেজি প্রথমপত্র এবং জেডিসির বাংলা প্রথমপত্র বিষয়ের পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে বিকেল ২টা থেকে নেয়া হবে। পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য সকল বিষয়ের রুটিন ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
আজ বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষা গ্রহণের সময় পেছানোর কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশতঃ পরীক্ষা সকাল ১০টা পরিবর্তে বিকেল ২টা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গণজাগরণ মঞ্চ মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশে অর্ধ-দিবস হরতাল আহ্বান করেছে। গত ৩১ অক্টোবর রাজধানীতে এক প্রকাশক ও ব্লগারসহ তিনজন আহত হবার প্রতিবাদে এবং খুনী ও হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে উক্ত হরতালেরর কর্মসূচি ঘোষণা করে।


