২৩৮টি পদের মধ্যে শূন্য ২৩২টি,দূর্ভোগে উপজেলাবাসী
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০১৫ ইং, ৪:৩০ অপরাহ্ণ | সংবাদটি ১১৪৩ বার পঠিত
শিপন আহমদ,ওসমানীনগর:: সিলেটের প্রবাসী অধ্যুষিত ওসমানীনগর উপজেলা প্রশাসনে লোকবলের অভাবে উপজেলার বাসিন্দারা নানা ভোগান্তির শিকার হচ্ছেন। উপজেলার ২৪টি অফিসের ২৩৮ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ২৩২ টি পদই শূন্য রয়েছে। ফলে উপজেলার বাসিন্দাদের এখনও ধরনা দিতে হচ্ছে বালাগঞ্জ উপজেলায়। নিজ উপজেলা থাকা সত্তে ২০ কিলোমিটার রাস্তা ফাড়ি দিয়ে অন্য উপজেলায় গিয়ে কাজ করতে যাওয়ায় ভোক্তভোগীদের মধ্যে বাড়ছে ক্ষোভ। অন্যদিকে দুই উপজেলার টেলাটেলি কে কেন্দ্র করে বালাগঞ্জ উপজেলায় বিভিন্ন দপ্তরে কর্মরত কিছু অসাধু কর্মকর্তারা ভুক্তভোগীদের কাছ থেকে হাজার হাজার টাকা আদায় করে নিচ্ছেন।
জানা যায়, চলতি বছরের ৩০ জুলাই থেকে উপজেলা প্রশাসনের কার্যক্রম শুরু চার মাস অতিবাহিত হলেও এখনো ৯৫ ভাগ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ না করায় উন্নয়নমূলক কার্যক্রম ব্যাহত হচ্ছে। উপজেলার ২৪টি অফিসের ২৩৮ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভূমি কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার ছাড়া অন্য অফিস গুলোতে কোন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়নি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর অতিরিক্ত দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা শিক্ষা অফিসের জন্য অফিসার পদায়ন করা হলেও অজানা কারণে তাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেয়া হয়নি। শিক্ষা অফিসের কর্মকর্তা থাকা সত্ত্বেও কোন কাজ না করতে পারায় ঢাল নেই, তলোয়ার নেই,নিধিরাম সরদার হয়ে আছেন নিয়োগকৃত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৌরভ পাল। তিনি নিজেও বালাগঞ্জ উপজেলা শিক্ষা অফিসে গিয়ে ধরর্না দিতে দেখা যাচ্ছে। সাতটি অফিসের দায়িত্ব দেয়া হয়েছে বালাগঞ্জ উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের। সেই দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও এ উপজেলায় না এসে বালাগঞ্জে বসে বসে অফিস করে যাচ্ছেন। কার্যালয়গুলো হচ্ছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস, উপজেলা খাদ্য অফিস, উপজেলা কৃষি অফিস, উপজেলা মহিলা বিষয়ক অফিস, উপজেলা সমাজ সেবা অফিস, উপজেলা সমবায় অফিস, আর উপজেলা প্রকৌশলী অফিসের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ৪০ কিলোমিটার দূরের ফেঞ্চুগঞ্জ উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তা।
যে সব অফিস এখনও কর্মকর্তা-কর্মচারী শূন্য রয়েছে সে গুলো হচ্ছে,উপজেলা হিসাব রক্ষণ অফিস, উপজেলা নির্বাচন অফিসার, উপজেলা আনসার ও ভিডিপি অফিস, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিস, উপজেলা প্রাণি সম্পদ অফিস, উপজেলা মৎস্য অফিস, উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস, উপজেলা পল্লি উন্নয়ন অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা পরিসংখ্যান অফিস, উপজেলা যুব উন্নয়ন অফিস।
ওসমানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী জানান, নতুন উপজেলা হিসাবে এখনও কর্মকর্তা-কর্মচারীদের পদ শূন্য রয়েছে। জনগণের সেবা দ্রুত নিশ্চিত করতে আমি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।
আমি আশাবাদী শিগ্রই এ উপজেলায় অন্যান্য অফিসের জন্য অফিসার পদায়ন হবে। এ বিষয়ে আমি উধ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করেছি।


