মই দিয়ে বিশ্বনাথে ব্রীজ পারাপার!
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০১৫ ইং, ১২:১৩ অপরাহ্ণ | সংবাদটি ৭৪৫ বার পঠিত
মোহাম্মদ আলী শিপন:: সড়ক নির্মাণের আগেই নির্মিত হয়েছিল ব্রীজ। কিন্তু চলাচলের জন্য কাঁচা সড়ক উঁচুকরণের কাজ করা হয়নি। এমনকি ব্রীজের ওপর উঠতে দুই পাশের সংযোগ সড়কও হচ্ছে না। দূর থেকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সংযোগ সড়কবিহীন ব্রীজ। ঢালু পথ বয়ে ব্রীজের ওপর মই বসিয়ে যাতায়াত এখন খুবই কষ্টকর। এ অবস্থায় প্রতিদিন অসংখ্য মানুষ দুর্ভোগে যাতায়াত করছেন এই ব্রীজ দিয়ে। কিন্তু প্রায় দশ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি গ্রামীণ এ মেঠোপথে।
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের তবলপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মরা সুরমা নদীর কাটাকালী খালের ওপরে স্থানীয়দের অনেক প্রত্যাশিত ব্রীজ নির্মাণ হলেও দুই পাশের রাস্তা উঁচুকরণ কিংবা সংযোগ সড়কের ব্যবস্থা করেনি কর্তৃপক্ষ। জনদুর্ভোগের সাক্ষী সেই খালের ওপর ব্রীজ হলেও ভোগান্তি কমেনি একটুও।
খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী ডেইলি বিশ্বনাথ ডটকমকে জানান, কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগের প্রধান এ রাস্তার পারাপারে জন্য প্রায় ১০ বছরে আগে ব্রীজ নির্মাণ করা হয়েছে। কিন্ত জনগুরুত্বপূর্ণ এই রাস্তা উঁচুকরণ কিংবা ব্রীজের দুই পাশে সংযোগ সড়ক না থাকায় চলাচলের ক্ষেত্রে প্রতিদিন অসংখ্য মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। বর্ষা মৌসুমে এই রাস্তায় পানি জমে যাতায়াতের অনুপযোগী হয়। এ সমস্যার বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক বলেন, এই ব্রীজের কথা আগে কেউ আমাকে অবহিত করেননি। তবে খুব শীঘ্রই এই ব্রীজের দুই পাশের রাস্তা উঁচুকরণ ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।


