সাত সন্তানের জননীর গলাকাটা লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০১৫ ইং, ৫:২০ অপরাহ্ণ | সংবাদটি ৭৮৩ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে ৭ সন্তানের জননী গৃহবধূ জবেদা খাতুনের (৪৩) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ১১টার দিকে নিহতের ইসলামপুরস্থ নিজ বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার সাদিপুর ইউপির দক্ষিণ কালনীরচর ইসলামপুর গ্রামের দিনমজুর গিয়াস উদ্দিনের স্ত্রী।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার সকাল ১০টার দিকে বাড়িতে গিয়াস উদ্দিন বাড়ির ছিলেন না এবং বড় মেয়ে পুকুর ঘাটে ছিল। সে পুকুর থেকে ঘরে ফিরে মাকে গলাকাটা অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। মেয়ের আত্মচিৎকারে আশপাশে লোকজন ছুটে আসে। খবর পেয়ে সাড়ে ১১টার দিকে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরিবারের দাবি জবেদা খাতুন মানসিক ভারসাম্যহীন। নিজে নিজের গলাকেটে আত্মহত্যা করেছেন তিনি।
নিহতের ভাই আবদুস শহিদ বলেন, বোন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভোগছে। সে নিজে নিজেই গলা কেটে আত্মহত্যা করেছে।
থানার ওসি মো. মুরসালিন বলেন, জবেদা বেগম মানসিক রোগী বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। এব্যাপারে নিহতের ভাই একটি অপমৃত্যু মামলা করেছেন। লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


