পৌর নির্বাচনকে ঘিরে কামরান এবং শফিকের ব্যস্ততা
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০১৫ ইং, ১১:৫১ পূর্বাহ্ণ | সংবাদটি ১১২৯ বার পঠিত
নিউজ ডেস্ক:: সিলেট বিভাগের ১৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সিলেটের এ পৌরসভাগুলোয় গত এক সপ্তাহ দলীয় প্রার্থীদের জন্য বিরামহীন প্রচারণা-গণসংযোগ চালিয়েছেন সিলেট আওয়ামী লীগের দুই মহীরুহ সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী। পৌর নির্বাচনে দলীয় প্রার্থীদেরকে বিজয়ী করতে ব্যস্ততার শেষ নেই সিলেট আওয়ামী লীগের অন্যতম দুই নেতার। তাদের ব্যক্তিগত পরিচ্ছন্ন ও জনপ্রিয় ইমেজকে কাজে লাগিয়ে ভোটের মাঠে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পালে হাওয়া লাগানোর চেষ্টা করেছেন তারা।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান তুমুল জনপ্রিয় এক রাজনীতিবিদ। শুধু সিলেটে নয় দেশের বিভিন্নস্থানেও তিনি বেশ পরিচিত। একইসাথে তার আকর্ষণীয় বক্তৃতা গুণও মানুষকে কাছে টানে। জনপ্রিয়তা এবং আকর্ষণীয় বক্তৃতা-এ দুইয়ের সম্মিলনে কামরান সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ১৩টি পৌরসভা চষে বেড়িয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণায় মানুষের বিপুল সাড়া পেয়েছেন তিনিও।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী সিলেটের গোলাপগঞ্জ, জকিগঞ্জ ও কানাইঘাট পৌরসভায় গত এক সপ্তাহ ক্লান্তিহীনভাবে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়েছেন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত অবধি মানুষের দ্বারে দ্বারে ছুটে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন তিনি। দলীয় প্রার্থীদের সাথে নিয়ে মানুষের কাছে ‘উন্নয়নের স্বপক্ষে’ এবং ‘উন্নয়নের ধারাবাহিকতা’ বজায় রাখতে আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করার আহবান জানিয়েছেন শফিক চৌধুরী। ব্যক্তিগত পরিচ্ছন্ন ইমেজ থাকায় ভোটের মাঠে প্রচারণায় জনসাধারণের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছেন তিনি ।
প্রচারণার মাঠে কামরান-শফিকের এমন প্রয়াস সিলেটে ভোটের মাঠে অনেকটা ফলপ্রসূ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের ব্যক্তিগত ইমেজের কারণেই আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীদের ভোট ব্যাংক ভারি হবে বলেই পর্যবেক্ষক মহলের ধারণা।
এদিকে শুধু কামরান-শফিকই নয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজের নেতৃত্বে আওয়ামী লীগের একটি টিম পুরো সিলেট বিভাগ চষে বেরিয়েছে। দল সমর্থিত প্রার্থীদের পক্ষে চালিয়েছে প্রচারণা।


