বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র খুনের ঘটনায় মামলা, সহপাঠী আটক
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০১৫ ইং, ৯:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ৯৪৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সালমান আহমদের মা কুতুবী বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের অভিযুক্ত করে মামলা দায়ের করেন। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে আটককৃত নাইমকে আদালতে প্রেরণ করা হয়।
মামলার লিখিত অভিযোগে নিহত সালমান আহমদের সহপাঠী ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মরহুম মাওলানা আশরাফ আলীর পুত্র মহসিন উদ্দিন নাইমকে সন্দেহভাজন অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।
গতকাল বুধবার সকালে বিশ্বনাথ উপজেলা সদরস্থ জামিয়া ইসলামী দারুল উলূম মাদাদিয়া মাদ্রাসার ফজিলত প্রথম বর্ষের ছাত্র সালমান আহমদ (১৮) এর মৃতদেহ একটি মার্কেটের সামনে থেকে উদ্ধার করে পুলিশ।
প্রসঙ্গত, নিহত সালমান আহমদ (১৮) সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পূর্বগাঁও গ্রামের ছুটন মিয়ার পুত্র। সে বিগত চার বছর ধরে ‘জামিয়া ইসলামী দারুল উলূম মাদাদিয়া মাদ্রাসা’র বোডিং-এ থেকে লেখাপড়া করে আসছে।
মাদ্রাসার মুহতামিম মাওলানা শিব্বির আহমদ বলেন, আমরা চাই পুলিশ সালমান হত্যাকান্ডের সাথে জড়িত প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসুক। তবে এঘটনায় যাতে কোন নিরপরাধী যাতে কোন প্রকারের হয়রানির স্বীকার না হন সে দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।
মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানা ওসি (তদন্ত) মাসুদুর রহমান বলেন, ঘটনার আসল রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে। হত্যাকান্ডের সাথে জড়িত প্রকৃত অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। কাউকে এ ব্যাপারে হয়রানি করা হবে না।


