১৯ শিক্ষার্থীকে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের এক লাখ নব্বই হাজার টাকা বৃত্তি প্রদান
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০১৫ ইং, ৬:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ৭৮৭ বার পঠিত
তজম্মুল আলী রাজু :: ১৯ জন শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে বিশ্বনাথের ঐতিহ্যবাহি “বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে”। প্রত্যেক শিক্ষার্থীকে নগদ ১০ হাজার টাকা করে বৃত্তি দেয়া হয়। এসব শিক্ষার্থীদের মধ্যে ঢাকা, চট্রগ্রাম ও কুষ্ঠিয়া বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যায়নরত রয়েছে। গত বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে এ উচ্চ-শিক্ষা বৃত্তি প্রদান করে ‘বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউ’কে।
ট্রাস্টের স্থানীয় উপদেষ্টা কমিটির উদ্যোগে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের চেয়ারপার্সন মির্জা আসহাব বেগ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বনাথের শিক্ষার উন্নয়নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে একটি শিক্ষিত জাতি গঠনের লক্ষে কাজ করতে হবে।
বিশ্বনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সিরাজুল হক এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ট্রাস্টের সাবেক চেয়ারপার্সন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসেন, ট্রাস্টী সাজ্জাদুর রহমান, মোবারক আলী, ওয়ারিছউদ্দিন, নুরুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান মো. ছয়ফুল হক, রামসুন্দর হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যুতি দে ও ব্যংকার তাজউদ্দিন আহমদ।
ট্রাস্টের স্থানীয় উপদেষ্টা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বারির উপস্থাপনায় অনুষ্টানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুর রউফ ও স্বাগত বক্তব্য রাখেন উপদেষ্টা কমিটির সভাপতি নিশি কান্ত পাল।


