জগন্নাথপুর মুক্ত দিবস আজ
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০১৫ ইং, ১০:৩৮ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৬৪ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ:: আজ ৯ ডিসেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে জগন্নাথপুর মুক্ত হয়েছিল। তবে জগন্নাথপুর মুক্ত দিবসের তারিখ নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে মতবিরোধ রয়েছে।
আজ বুধবার জগন্নাথপুর মুক্ত দিবস পালনের ঘোষণা দিয়ে মঙ্গলবার পৌর শহরে মাইকিং করা হয়। জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার আব্দুল কাইয়ূম জানান, আজ বুধবার জগন্নাথপুর উপজেলা মুক্ত দিবস পালন করা হবে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের আয়োজন করা হয়েছে।
তবে মুক্তিযুদ্ধকালীন কোম্পানী কমাণ্ডার সাজ্জাদ হোসাইন বলেন, দেশ স্বাধীনের পর থেকে আমরা ১১ নভেম্বর জগন্নাথপুর মুক্ত দিবস হিসেবে পালন করে এসেছি। গত ৩ বছর ধরে ৯ ডিসেম্বর জগন্নাথপুর মুক্ত দিবস পালন করা হচ্ছে। এতে করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিকৃত করা হচ্ছে বলে তিনি জানান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি অসুস্থ থাকায় এবার ১১ নভেম্বর জগন্নাথপুর মুক্ত দিবস পালন করা সম্ভব হয়নি। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন কবির জানান, গত বছর স্থানীয় মুক্তিযোদ্ধারা ৯ ডিসেম্বর জগন্নাথপুর মুক্ত দিবস পালন করেছেন। আমার মনে হয় ৯ ডিসেম্বর সঠিক।


