দেবরের হাতুড়ির আঘাতে ভাবীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০১৫ ইং, ১১:২৪ অপরাহ্ণ | সংবাদটি ১০৫৫ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক:: সুনামগঞ্জের দিরাইয়ে দেবরের হাতুড়ি আঘাতে ভাবী হামিদা বেগমের (৬০) মৃত্যু হয়েছে। এঘটনায় ঘাতক দেবর আবু লেইছ আজুল মিয়াকে সোমবার রাত ৯টায় গ্রেফতার করেছে পুলিশ। মৃত হামিদা বেগম উপজেলার জগদল ইউনিয়নের মাতাগাঁও গ্রামের আব্দুল কাইয়ুমের স্ত্রী। এঘটনায় সীমা নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। তাকে রাত ৮টায় আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনাটি ঘটেছে সন্ধ্যা ৭টায়।পুলিশ ও স্থানীয়রা জানায়, পৈত্তিক সম্পত্তি বিক্রি করা নিয়ে ঘাতক আবু লেইছের সঙ্গে তার বড়ভাই আব্দুল কাইয়ুমের সঙ্গে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। তারই জের সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে আবু লেইছ হাতুড়ি দিয়ে তার ভাবী হামিদা বেগমকে পিটিয়ে আহত করে। এসময় শিশু সীমা এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন ভাবী হামিদা বেগম ও শিশু সীমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার হামিদাকে মৃত বলে ঘোষণা করেন। আর শিশু সীমাকে সিলেট পাঠায়।
এঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং ঘাতক দেবর আবু লেইছকে গ্রেফতার করে। দিরাই থানার ওসি আনিসুর রহমান এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


