সিলেটে পৌর নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০১৫ ইং, ১১:১৫ পূর্বাহ্ণ | সংবাদটি ৬০৭ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক:: নির্বাচনি এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২৭ ডিসেম্বর মধ্যরাত থেকে পরবর্তী চারদিনের জন্য পৌরসভা নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাচন আয়োজক সংস্থাটি মোটরসাইকেল চলাচলের উপর এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে সিলেট বিভাগের ১৬টি পৌর নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। ১৬টি পৌর নির্বাচনী এলাকার মধ্যে সিলেট জেলার গোলাপগঞ্জ, কানাইঘাট ও জকিগঞ্জ পৌরসভা নির্বাচনি এলাকা রয়েছে।
এছাড়া, ২৯ ডিসেম্বর মধ্যরাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত একদিনের জন্য নির্বাচনী এলাকায় বেবি-ট্যাক্সি, অটোরিকশা, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক ও টেম্পো চলাচলও বন্ধ থাকবে।
এবারই প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনকে ঘিরে সিলেট বিভাগের সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে। বিভাগের ১৬টি নির্বাচনী এলাকার ৩ লাখ ৪০ হাজার ভোটার অধীর আগ্রহে তাকিয়ে আছেন ৩০ ডিসেম্বরের দিকে। ওই দিনই ভোটাররা বেছে নিবেন তাদের পছন্দের পৌর পরিষদ।
সিলেট বিভাগের সিলেট জেলায় ৩টি, সুনামগঞ্জে ৪টি, মৌলভীবাজারে ৪টি এবং হবিগঞ্জে ৫টি পৌরসভায় মেয়র পদে ৭৫ জন, কাউন্সিলর পদে ৫৮৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। বর্তমানে এমফ ৮১২ প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকরা প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবার দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় পৌর নির্বাচনকে ঘিরে সাধারণের আগ্রহও বেশ তুঙ্গে।
যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রার্থী বা তার এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বৈধ পরিদর্শক ওইসব যান ব্যবহার করতে পারবেন। এছাড়া জরুরি হিসেবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমের জন্য উক্ত যানবাহন ব্যবহার করা যাবে। আবার জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
সোমবার (২১ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশন (ইসি) সহকারী সচিব রাজীব আহসান নির্দেশনা সংক্রান্ত পৃথক দু’টি চিঠি ওই দুই মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।


