বালাগঞ্জে প্রতিপক্ষের সুলফির আঘাতে যুবক খুন
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০১৬ ইং, ৪:২৩ অপরাহ্ণ | সংবাদটি ১৬৬৮ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:: সিলেটের বালাগঞ্জে প্রতিপক্ষের ধারালো সুলফির আঘাতে ছুরুক মিয়া (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। সে উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের রশিদ পুর গ্রামের মৃত তাহিদ উল্লার ছেলে। মঙ্গলবার সকাল নয়টার দিকে রশিদপুর গ্রামের নিকটবর্তী হাওরে এই খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বালাগঞ্জ থানার পুলিশ ও নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, নিহত ছুরুক মিয়ার আপন চাচাত ভাই মনির মিয়া মেম্বারের সঙ্গে দীর্ঘ দিন ধরে ভূমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। মঙ্গলবার সকালের দিকে হাওরে ক্ষেতের জমিতে পানি সেচ দেয়াকে কেন্দ্র করে মনির মেম্বারের ছেলেসহ তাদের লোকজনের সঙ্গে ছুরুকের মারামারির ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষরা ধারালো সুলফি দিয়ে ছুরুক পেটে আঘাত করলে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে ছুরুক মিয়াকে উদ্ধার করে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বালাঞ্জ থানার (ওসি) তরিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


