বিশ্বনাথে আওয়ামী লীগের পদবঞ্চিতরা উজ্জীবিত!
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০১৬ ইং, ১১:৩৬ পূর্বাহ্ণ | সংবাদটি ৯৯৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে আওয়ামী লীগের পদবঞ্চিত নেতারা এখন রাজপথ দখলের চেষ্টায় রয়েছেন। উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনের পর থেকে তারা মাঠ ছাড়া ছিলেন। তবে কমিটি গঠনের পূর্বে তাদের রাজপথে ছিল সরব উপস্থিতি। কিন্তু কমিটি ঘোষনার পর তারা চলে যান আড়ালে। পরে দীর্ঘদিন ফের তারা রাজপদে আসছেন। আগামী বুধবার উপজেলা সদরের নতুন বাজারস্থ অটোরিকশা ষ্ট্যান্ডের সামনে আওয়ামী লীগের বঞ্চিত নেতারা সংবর্ধনা সভার আয়োজন করেছে।
জানাগেছে, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী ও আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান ও কমিউনিটি নেতা সফজ্জুল আলীকে উপজেলা আওয়ামী লীগের পদবঞ্চিত নেতাদের আয়োজনে আগামী বুধবার গণ সংবর্ধনা প্রদান করা হবে। এতে অতিথি হিসেবে রাখা হয়েছে সিলেট জেলা আ.লীগের সভাপতি লুৎফুর রহমান,কেন্দ্রীয় পরিষদের সদস্য আ.ন.ম শফিকুল হক,সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া, মোস্তাকুর রহমান মফুর।
গত ১৩ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে এক সঙ্গে দেশে আসেন আনোয়ারুজ্জামান ও মুহিবুর রহমান। ওইদিন রশিদপুর পয়েন্ট বিশ্বনাথ আ.লীগের পদবঞ্চিত নেতারা তাদের সংবর্ধনা প্রদান করেন। ইতিমধ্যে তাদের সঙ্গে বিভিন্ন সময় পদবঞ্চিত নেতারা মতবিনিময় করেছেন বলে সূত্রে জানাগেছে।
বিশ্বনাথ উপজেলা সদরে গণ সংবর্ধনা সফলের লক্ষে আ.লীগের বঞ্চিত নেতারা ব্যাপক প্রস্তুতি গ্রহন করছেন বলে অনেক নেতা জানান।
গত বছরের ৮জুন উপজেলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কণ্ঠভোটে পংকি খান সভাপতি ও পূণরায় বাবুল আখতার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কিন্তু ওই কমিটি মেনে নিতে নারাজ পদবঞ্চিত নেতারা। তারা ওই কমিটি প্রত্যাখান করেন। কিন্তু কমিটি গঠনের পর পদবঞ্চিত নেতারা বিভিন্ন সময়ে ঘরোয়াভাবে বৈঠক করে আসছেন। কিন্তু এখনও পর্যন্ত রাজপথে তাদের কোনো অবস্থান দেখা যায়নি। বর্তমান আওয়ামী লীগের কমিটির বিরুদ্ধে পদবঞ্চিত নেতারা জেলা ও কেন্দ্রীয়ভাবে বিভিন্ন অভিযোগও প্রেরণ করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। পদবঞ্চিত নেতাদের অভিযোগের ওপর নির্ভরশীল ছিল সকল কর্মসূচি। জেলা ও কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগের ফলে উপজেলা আ.লীগের পূর্নাঙ্গ কমিটি গঠন হচ্ছেনা বলে দাবি করে আসছেন পদবঞ্চিত নেতারা। কিন্তু সম্প্রতি আ.লীগ নেতা আনোয়ারুজ্জামান ও মুহিবুর রহমান দেশে অবস্থানের ফলে আ.লীগের পদবঞ্চিত নেতারা রাজপথ দখলে নেয়ার চেষ্টায় রয়েছে। যার ফলে ওই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তারা রাজপথে শক্তি বৃদ্ধি দেখা চান।
এব্যাপারে সংবর্ধনা পরিষদ কমিটির আহবায়ক ও আ.লীগ নেতা ছয়ফুল হক বলেন, সংবর্ধনা অনুষ্ঠানের সকল কার্যক্রম প্রায় শেষ। সংবর্ধনা অনুষ্ঠানে কয়েক হাজার আওয়ামী লীগ পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম-সম্পাদক এইচ এম ফিরোজ আলী বলেন, ইতিমধ্যে সংবর্ধনা অনুষ্ঠানের পোষ্টার-লিফলেট উপজেলার বিভিন্ন জায়গায় বিতরণ করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে সবস্তরের জনগণকে উপস্থিত থাকার আহবান জানান তিনি।


