সিলেট বিএনপির সম্মেলন ৬ ফেব্রুয়ারি
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০১৬ ইং, ৬:৫২ অপরাহ্ণ | সংবাদটি ৬৫৬ বার পঠিত
নিউজ ডেস্ক:: সিলেট জেলা ও মহানগর বিএনপির সম্মেলন আগামী ৬ ফেব্রুয়ারি করার জন্য কেন্দ্র থেকে নির্দেশনা দেয়া হয়েছে। সম্মেলনকে ঘিরে দুই ডজন নেতা তৃণমূল এবং কেন্দ্রে দৌঁড়ঝাপ শুরু করেছেন। ভোট টানতে পদ প্রত্যাশীরা তৃণমূলের নেতাদের সঙ্গে যোগযোগ অব্যাহত রেখেছেন। তাই কদর বেড়েছে সেই তৃণমূল নেতাদের।আগামী ৬ ফেব্রুয়ারি বিকেল ৩টায় সিলেট নগরীর দরগাগেইটস্থ মুসলিম সাহিত্য সংসদে জেলা ও মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে গত সোমবার সিলেট নগরীর দর্শন দেউড়িস্থ আহবায়কের কার্যালয়ে মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব বদরুজ্জামান সেলিমের পরিচালনায় এ জরুরি সভায় সর্বসম্মতিক্রমে আসন্ন কাউন্সিল অধিবেশনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এ তিন পদে নির্বাচন করার ব্যাপারে সিদ্ধান্ত হয়। পাশাপাশি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে প্রবীণ সদস্য আহাদুস সামাদ চৌধুরীকে মনোনীত করা হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র আহ্বায়কের কাছ থেকে সংগ্রহ করে আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে জমা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা কমিটিতেও তিন পদে সম্মেলন হবে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৫ এপ্রিল সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় কমিটি। এ আহ্বায়ক কমিটিকে ৪৫ দিনের মধ্যে সম্মেলন করার সময়সীমা বেধে দিলেও তারা সময় মতো সম্মেলন করতে ব্যর্থ হন। এর পর কেন্দ্রের কাছে কয়েক দফা সময় চেয়ে নেয় জেলা বিএনপি। দলের শীর্ষ নেতাদের নিস্ক্রিয়তার কারণে সম্মেলনটি ‘যথাসময়ে’ হয়নি বলে অভিযোগ তৃণমূলের। একই সালের ৮ নভেম্বর সিলেট মহানগর বিএনপি’র আহবায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গেই দলের একটি অংশ কমিটি বিরোধী আন্দোলনে নামে। পদবঞ্চিতরা কমিটি প্রত্যাখান করে বাতিলের দাবিও তোলে। এ নিয়ে মহানগর বিএনপিতে কোন্দলেরও সৃষ্টি হয়।
অন্যদিকে আহ্বায়ক কমিটি সম্মেলনের লক্ষে মহানগরীর ২৭ ওয়ার্ডে কমিটি গঠন করে দেয়। এসব কমিটি গঠনের পর পাল্টা কমিটিও হয় ২৭ ওয়ার্ডে। আর ‘যথাসময়ে’ মহানগর বিএনপির সম্মেলন না হওয়ায় দলের ভেতর কোন্দল, বিভাজনও বাড়তে থাকে। আর এতে করে দলের সাংগঠনিক কার্যক্রমও দুর্বল হয়ে পড়ে। আহ্বায়ক কমিটিকে কেন্দ্র থেকে তিন মাসের মধ্যে সম্মেলন করার তাগিদ দিলেও তারা সময় মতো সম্মেলন করতে পারেননি। যে কারণে দলের ভেতর অস্থিরতা শুরু হয়। নেতাকর্মীদের মধ্যে সমন্বয়হীনতা ও দূরত্ব বাড়তে থাকে। এমন অবস্থাতে সিলেট মহানগর বিএনপি সাংগঠনিকভাবে ক্রমেই দুর্বল হয়ে পড়ে। দীর্ঘ এক বছর পর সম্মেলনের তারিখ ঘোষণা করায় সাধারণ নেতাকর্মীর মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে।


