অসুস্থ মতিউল বারীর পাশে দাঁড়িয়েছেন দেশ-বিদেশের শুভাকাঙ্খিরা
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০১৬ ইং, ১০:৪১ অপরাহ্ণ | সংবাদটি ৮১৪ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ::নিঃসঙ্গ জীবনের পালাবদল শেষে দাম্পত্য জীবনের সূচনা লগ্নেই কঠিক এক বাস্তবতার মুখোমুখি হয়ে গেছেন সিলেটের নন্দিত সাংবাদিক ও তরুণ ব্যাংকার মতিউল বারী চৌধুরী খুর্শেদ। রঙিন স্বপ্নে বিভোর মতিউল বারীর জীবনে এখন নেমে এসেছে এক অনামিষার অন্ধকার। কিন্তু মানুষের আবেগ অনুভূতি আর হৃদয়ের মনি কোঠায় ঠাই পাওয়া মতিউল বারী চৌধুরীকে সাহসী আর আত্মবিশ্বাসী করে তুলেছেন তার কল্যাণ কামনাকারীরা। হৃদয়বানরা মতিউল বারীকে সুস্থ করে তুলতে মহান রাব্বুল আলামীনের উপর ভরসা করে শুরু করেছেন দুর্ভেদ্য পথ অতিক্রমের যাত্রা। সহমর্মিতা ভালোবাসা আর সহানুভূতির পাশাপাশি অনেকেই বিশাল অংকের চিকিৎসা ব্যয়ে নির্বাহে আন্তরিক প্রয়াস হাতে নিয়ে এগিয়ে যাচ্ছেন সফলতার দ্বারপ্রান্তে। যে মানুষটি মানুষের কল্যানে কাজ করার জন্য ছিলেন ব্যাকুল। সৃষ্টিশীল কাজের প্রতি ছিলেন আন্তরিক। মানুষের কষ্ট দূর্ভোগ আর অসুস্থতার সময়ে বাড়িয়ে দিয়েছিলেন নিজের দুটি হাত। আজ সেই আলোর দিশারী মানুষটি একটি জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসকদের পরামর্শে বাসায় সম্পূর্ন বিশ্রামে সময় কাটাচ্ছেন। কিন্তু তার শুভাকাঙ্খিদের প্রত্যাশা তিনি অসুস্থতাকে জয় করে সবার মাঝে আবারও দীপ্ত হাসিতে ফিরে আসবেন।
মতিউল বারী আজ আর একা নয়। তার কষ্ট সবার কষ্ট, তার সুস্থতা সবার কামনায় পরিগনিত হয়ে উঠেছে। বিশাল অংকের চিকিৎসা ব্যয়ের হুংকারে ভীত নয় তার প্রিয় জন আর শুভাকাংখীরা। তীর হারা ঢেউয়ের সাগর পাড়ি দিতে যেন শক্তহাতে হাল ধরেছেন নবীন মাঝিরা। দেশে বিদেশে স্বপ্রনোদিত হয়ে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ লক্ষ পূরণে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। মতিউল বারীর ৫০/৬০ লাখ টাকা চিকিৎসা ব্যায়ের বাধার প্রাচীর ডিঙিয়ে ভোরের সোনালী আলোয় উদ্ভাসিত হওয়ার প্রত্যয়সকলের চোখে মুখে। আমরা বিশ্বাস করি শ্যামল সিলেটের সহকারী সম্পাদক স্পষ্টভাসী বিচক্ষণ ব্যক্তিত্ব সাংবাদিকতা অঙ্গনের মেধাবীমুখ মতিউল বারী অসুস্থতাকে জয় করে সুস্থ সুন্দর জীবনের অধিকারী হবেন। যত বরই প্রতিবন্ধকতা আসুক না কেন মানুষের অকৃত্রিম ভালবাসা আর বাহু বন্ধনে সকল কালিমা মুছে মতিঊল বারী আবারো মিষ্টি হাসিতে সবাইকে কাছে টেনে নিবেন। আমরা মতিউল বারীর নতুন জীবনের যাত্রা পথকে আরো মসৃণ ও নির্মল করে তুলতে খোদাতায়ালার সাহায্য কামনা করি। শ্যামল সিলেট পরিবারের মেধাবী এই সাংবাদিকের জন্য সর্বশক্তি দিয়ে কাজ করার প্রত্যয় করেছেন সহকর্মীরা। শ্যামল পরিবার দেশে বিদেশে অবস্থানরত মানুষের ভালবাসা আর পাশে দাড়ানোর মহানুভবতাকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছেন। শ্যামল সিলেটের নির্বাহী সম্পাদক আবদুল মুকিতসহ শ্যামল পরিবারের সদস্যরা প্রতিদিনই মতিউল বারীর স্বাস্থ্যের অবস্থার খোঁজখবর নিচ্ছেন। সবাই তার পাশে দাঁড়াবার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন।
আমরা অভিভুত, আমরা অনুপ্রাণিত, আমরা কৃতজ্ঞ এ কারণে যে জটিল রোগে আক্রান্ত মতিউল বারী চৌধুরীর পাশে দাড়াতে যুক্তরাজ্যসহ বিদেশের মাটিতে প্রিয়জনরা ব্যাপক কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। যেকোন মূল্যে তার চিকিৎসা সুসম্পন্ন করতে হাল ধরেছেন তারা। শ্যামল সিলেট পরিবারের অভিভাবক সম্পাদকমন্ডলীর সভাপতি এডভোকেট সামসুজ্জামান জামান ইতোমধ্যে বিশাল অংকের চিকিৎসা ব্যয় নির্বাহ করতে হৃদয়বান ও বিবেকবান মানুষদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তিনি বিশ্বাস করেন সকলের আন্তরিক প্রচেষ্টায় মতিউল বারীর উপযুক্ত চিকিৎসার কোন ত্র“টি হবেনা। তাছাড়া মতিউল বারীর অসুস্থতার সংবাদে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংগঠন জাস্ট হেল্প ফাউন্ডেশন উদ্যোগী হয়ে উঠেছেন। তারা মতিউল বারী চৌধুরীর পাশে দাড়াতে সক্রিয় কার্যক্রম হাতে নিয়েছেন। এই সংগঠনের কর্ণধার মিজানুর রহমান মিজান ইতোমধ্যে শুরু করে দিয়েছেন মতিউল বারীর চিকিৎসার জন্য নিজেদের কার্যক্রম। মতিউল বারী নিজেই হয়ত ভাবতে পারছেন না তার শুভাকাঙ্খিরা তাকে কতটুকু ভালোবাসেন।
এদিকে মতিউল বারী চৌধুরীর অসুস্থতার সংবাদে সিলেটের সর্বস্তরের মানুষ তার পাশে দাড়িয়েছেন। ইতোমধ্যে বিভিন্ন শ্রেণী ও পেশার অসংখ্য মানুষ তার অসুস্থতার খোঁজখবর নিয়েছেন। তারা মতিউল বারীর মনোবল বাড়িয়ে দিয়েছেন। ভালোবাসা শুভেচ্ছা আর আন্তরিকতা দিয়ে নিজেদের সহমর্মিতার কথা জানিয়ে দিয়েছেন। মসজিদে মসজিদে তার জন্য অনুষ্ঠিত হচ্ছে দোয়া ও মিলাদ মাহফিল। আত্মীয়স্বজন শুভাকাঙ্খিরা কায়মনোবাক্যে মতিউল বারীর আশু সুস্থতা কামনা করেছেন।


