বিশ্বনাথে গরু চুরি বৃদ্ধি, চোরের টার্গেট গাভী!
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০১৬ ইং, ৮:০৯ অপরাহ্ণ | সংবাদটি ২৯৬৭ বার পঠিত
তজম্মুল আলী রাজু :: প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথে মারাত্বকভাবে গরু চুরি বৃদ্ধি পেয়েছে। প্রতি রাতে উপজেলার ৮টি ইউনিয়নের ৪৩৬টি গ্রামের কোন না কোন গ্রামে গরু চুরির খবর পাওয়া যাচ্ছে। গত দুই দিনে উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের ৩টি গ্রামে গরু চুরি হয়েছে। একই গৃহস্থের ৮টি এবং আরো দুই গৃহস্থের ৭টিসহ ১২টি গরু চোরেরা নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৯ লাখ টাকা হবে বলে জানাগেছে।
গত বুধবার রাতে উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের উত্তর ধর্মদা গ্রামের শেখ মনির মিয়া ঘোয়াল ঘরের তালা ভেঙ্গে ২টি গাভী ও দুটি বাছুর চোরের দল নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ১লাখ টাকা। একই রাতে বাওনপুর গ্রামের তজম্মুল আলীর গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৩টি গাভী ও একটি ষাঁড় গরু চোরের দল নিয়ে গেছে। যার মূল্য লাখ টাকা হবে বলে জানাগেছে। একদিন পর বৃহস্পতিবার রাতে উপজেলার রশীদপুর গ্রামের সেলিম আহমদ এর ৮টি গাভী চোরের দল নিয়ে গেছে। যার মূল্য প্রায় ৬ লাখ টাকা হবে বলে যানাযায়।
চোরের টার্গেড গাভী :: ইদানিং চোরের দল গাভীর দিকেই নজর দিচ্ছে। একেকটি গাভী ১লাখ ২০ হাজার থেকে ৭০-৮০ হাজার টাকা দামের। একটি গাভী কম পক্ষে ৮-১০ লিটার দুধ দেয়। অনেক পরিবার গাভীর দুধ বিক্রি করে মুনাফা অর্জন করে। কিন্তু গাভী টার্গেট করেই ইদানিং চোরের দল চুরি করে নিয়ে যায়।
চুরি করে গরু নিয়ে যায় কিভাবে: এক সময় চোরেরা গরু নিয়ে যেত পায়ে হেটে। এখন আর সেই সময় নেই। এখন গরু চুরি করে চোরেরা পিকআপ ভ্যানে করে পালিয়ে যায়। ফলে অনেক সময় চোরকে ধরা সম্ভব হয়নি।
কিভাবে চুরি হয় : প্রবাসী অধ্যূষিত বিশ্বনাথে অনেকের গোয়ালঘর পাকা। চোরের দল ঘরের তালা ভেঙ্গে ট্রাক অথবা পিকআপ ভ্যানে করে দ্রুত স্থান ত্যাগ করে।
এ ব্যাপারে উত্তর ধর্মদা গ্রামের শেখ মো. মনির মিয়া জানান, চোরের হাত থেকে কোন অবস্থাতেই রক্ষা পাচ্ছেন না গৃহস্থরা। গত বুধবার রাতে গোলায় ঘরের তালা ভেঙ্গে ৪টি গরু চোরের দল নিয়ে গেছে। যার মূল্য প্রায় লাখ টাকা হবে। তিনি বলেন, রশীদপুর গ্রামের সেলিম মিয়ার ৮টি গাভী ও বাওনপুর গ্রামের তজম্মুল আলীর ৩টি গাভী চোরের দল নিয়ে গেছে। যার মূল্য লাখ লাখ টাকা হবে।


