শাবিতে গাছের সাথে প্রাইভেট কারের ধাক্কা, নিহত-১, আহত ৩
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০১৬ ইং, ১২:৫৬ অপরাহ্ণ | সংবাদটি ৬১৫ বার পঠিত
নিউজ ডেস্ক:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় গাছের সাথে একটি প্রাইভেট কারের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
শাহজালাল বিশ্ববিদ্যালয় (শাবি) সূত্র জানায়- শনিবার সকালে হঠাৎ করে বিকট শব্দ শুনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের রাস্তার দিকে শিক্ষার্থীরা ছুটে যান। এসময় রাস্তার পাশের একটি গাছের সাথে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ ২০-৪০০৯) ধাক্কা লেগে পড়ে থাকতে দেখেন।
রাস্তায় একজনের মৃতদেহ ও গাড়ির ভেতর তিনজনকে আহত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে- দুর্ঘটনায় নিহত ব্যক্তি পথচারী ছিল। তবে সে বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক, শিক্ষার্থী বা কর্মকর্তা-কর্মচারী কি-না এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার শিকার গাড়িটি বিশ্ববিদ্যালয়ের আইপিই বিভাগের শিক্ষক আরিফ আহমদের বলে জানা গেছে। কয়েকদিন আগে তিনি গাড়িটি কেনেন।


