আনোয়ারুজ্জামান চৌধুরীর গণসংবর্ধনাকে ঘিরে ওসমানীনগরে দেখা দিয়েছে সাজ সাজ রব
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১০:৪৭ পূর্বাহ্ণ | সংবাদটি ৮৯০ বার পঠিত
নিউজ ডেস্ক:: সিলেট-২ আসনে আগামী জাতীয় নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী, ওসমানীনগরের কৃতিসন্তান, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর গণসংবর্ধনাকে ঘিরে ওসমানীনগরে দেখা দিয়েছে সাজ সাজ রব। আগামিকাল বুধবার ব্রিটিশ পার্লামেন্টের চার এমপিসহ দেশী-বিদেশী অথিতিদের সম্মানে উপজেলার বুরুঙ্গা ইকবাল আহমেদ স্কুল এন্ড কলেজ মাঠে বিশাল সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানকে সফল করতে প্রবাস থেকে ও অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ ইতোমধ্যে এসে পৌছেছেন।
আনোয়ারুজ্জামান চৌধুরীর উদ্যোগে অনুষ্ঠিতব্য এ গণসংবর্ধনায় উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এডভোকেট তারানা হালিম, জাতিসংঘের সদ্য সাবেক বিদায়ী স্থায়ী প্রতিনিধি ড: আব্দুল মোমেন, জেলা আ’লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, মহানগর আ’লীগের সভাপতি বদর উদ্দীন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, এডভোকেট নিজাম উদ্দিন, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি লিয়াকত শিকদার, বর্তমান সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
ব্রিটিশ পার্লামেন্টের চার এমপিসহ সংবর্ধিত অতিথি হলেন লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশের চেয়ারম্যান হাওয়ার্ড ডবার, স্যার স্টিফেন স্টিমস এমপি, কেয়ার স্টমার এমপি, জন রিড এমপি, সৈয়দ আবুল বাশার, কাউন্সিলর নাসিম আলি, কাউন্সিলর আবদুল হাই, কাউন্সিলর মতিনুজ্জামান, রবার্ট ইভান্স, ক্রিস ওয়েভার্সসহ লেবার পার্টির প্রভাবশালী নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের আয়োজক যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, যুক্তরাজ্যে কয়েক যুগ ধরে বাংলাদেশি কমিউনিটি এবং ঐতিহ্যবাহী লেবার পার্টির মধ্যে একটি নিবিড় সেতু বন্ধন তৈরী হয়েছে। আপনারা অবশ্যই অবগত আছেন যে, বৃটেনের পার্লামেন্টে লেবার পার্টি থেকে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর নাতনী টিউলীপ সিদ্দিকীসহ আমাদের সিলেটের রুশনারা আলী ও রুপা হক এম.পি নির্বাচিত হয়েছেন।
তাদের এ সফর বাংলাদেশের ভাবমুর্তি বাড়াতে যথেষ্ট ভূমিকা রাখবে, বাংলাদেশ সফর কালে তারা দেশের বিভিন্ন স্থান পরিদর্শন করবেন। দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে বলে তিনি আশাবাদী। অনুষ্ঠান সফল করার জন্য তিনি ওসমানীনগরবাসীসহ সবাইকে আহ্বান জানিয়েছেন।
সংর্বধনা শেষে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশ করবেন মমতাজ বেগম এমপি, ফকির সাহাব উদ্দিন, সুমি, আশিক, সজলসহ সিলেটের স্বনামধন্য শিল্পীরা।
এদিকে, সংবর্ধণা অনুষ্ঠানকে সুন্দর ও সফল করে তোলার জন্যে আ’লীগ, যুবলীগ. ছাত্রলীগ, স্বেচ্চাসেবক লীগ, তরুনলীগ, প্রজন্মলীগসহ আওয়ামীলীগ পরিবারের নেতৃবৃন্দ দিনরাত পরিশ্রম করছেন।
এ ব্যাপারে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল বলেন, ওসমানীনগরে এই প্রথম বিশাল আকারে রাজনৈতিক অনুষ্ঠান হতে যাচ্ছে যা সম্ভব হয়েছে ওসমানীনগর তথা সিলেটের আগামী দিনে রাজনৈতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা আনোয়ারোজ্জমান চৌধুরীর জন্য। এটা কেবল একটি অনুষ্ঠান নয় এটি একটি ইতিহাস যার মাধ্যমে যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটি এবং ঐতিহ্যবাহী লেবার পার্টির মধ্যে সেতু বন্ধন আরো নিবিড় থেকে নিবিড় হবে বলে আমি মনে করছি।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এডভোকেট তারানা হালিম এমপি, বৃটিশ সরকারের চারজন এমপিসহ দেশি-বিদেশেী অথিতিবৃন্দ‘র আগমনকে কেন্দ্রকরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী অতিরিক্ত পুলিশ সুপারকে সাথে নিয়ে সংবর্ধণার মাঠ পরিদর্শন করেন এবং অনুষ্ঠানস্থল ও আশপাশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।


