ওসমানীনগরে ছুরিকাঘাতে খুন হওয়া কয়েছের দাফন সম্পন্ন, পরিবারে চলছে শোকের মাতম
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১০:১৫ অপরাহ্ণ | সংবাদটি ৬৯৮ বার পঠিত
শিপন আহমদ,ওসমানীনগর:: সিলেটের ওসমানীনগরে সহপাঠির হাতে ছুরিকাঘাতে খুন হওয়া এসএসসি পরীক্ষার্থী কয়েছ আহমদের লাশ ময়না তদন্ত শেষে দাফন সম্পন্ন হয়েছে। রবিবার বাদ আছর বুরুঙ্গা ই্কবাল আহমদ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জানাযা শেষে পিয়ারাপুরস্থ পারিবারিক কবরস্থানে লাশটি দাফন করা হয়। এসময় এলাকায় এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিবারে চলছে শোকের মাতম নিহত কয়েছের মা, ভাই-বোন, আত্মীয় স্বজন ও শিক্ষক-শিক্ষার্থীর কান্নায় ভারি হয়ে উঠে এলাকার পরিবেশ। কয়েক শতাধিক লোক অংশ নেয় তার জানাযার নামাজে।
যে কারণে বিদ্যালয়ে ডাকা হয় পরীক্ষার্থীদেরঃ বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম কর্তৃক এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ফি ফেরত দেয়ার নির্দেশ দেয় মন্ত্রনালয়। নিজেকে রক্ষায় টাকা না দিয়ে শিক্ষার্থীদের স্বাক্ষর নিতে এসএসসি পরীক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসের অজুহাতে শনিবার বিদ্যালয়ে আসতে বলা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরীক্ষার্থী ও বিদ্যালয়ের শিক্ষকের কাছ থেকে বিষয়টি জানা গেছে। তবে এ বিষয়ে কথা বলতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলামের মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।
এদিকে ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও সম্ভাব্য কিছু স্থানে অভিযান চালালেও কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এরিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের বিষয়টি রয়েছে প্রক্রিয়াধীন বলে থানা পুলিশ সূত্রে জানাগেছে।


