জগন্নাথপুরে ছিনতাইকারীদের হামলায় আহত ৩, আটক ১
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৯:১৯ অপরাহ্ণ | সংবাদটি ৭৫৪ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ:: জগন্নাথপুরে ছিনতাইকারীদের হামলায় ৩ যুবক আহত হয়েছেন। তারা হলেন, ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকার বাসিন্দা মৃত কাপ্তান মিয়ার ছেলে কয়েছ মিয়া (২৭), একই এলাকার আরিছ আলীর ছেলে মোহন মিয়া (২৮) ও চেচান গ্রামের মৃত হাফিজ মিয়ার ছেলে শহিদুল হক (৩০)।
এ ঘটনায় আব্দুল করিম (৩৫) নামের ছিনতাইকারী দলের এক সদস্যকে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। সে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া পুঞ্জি গ্রামের মৃত ওয়াতির উল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গত কয়েক দিন ধরে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের হলিকোনা বাজারের পাশে মেলার নামে যাত্রাপালা চলছে।
মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১২ টার দিকে এ মেলায় যাচ্ছিলেন ছাতকের ৩ যুবক কয়েছ মিয়া, মোহন মিয়া ও শহিদুল হক। এ সময় চিলাউড়া গ্রাম এলাকার রাস্তায় ৫/৬ জনের একদল ছিনতাইদের কবলে পড়েন যুবকেরা। ছিনতাইকারীরা তাদেরকে মারপিট করে তাদের সাথে থাকা নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। তখন ছিনতাইকারীদের হামলায় আহতদের চিৎকারে স্থানীয় জনতা জড়ো হয়ে ছিনতাইকারীদের ধাওয়া করেন।
এক পর্যায়ে ছিনতাইকারী দলের আব্দুল করিমকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। এ সময় উত্তেজিত জনতা ছিনতাইকারী আব্দুল করিমকে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করেন।
এদিকে-ছিনতাইকারীদের হামলায় আহত যুবকদের স্থানীয় জনতা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই মিজানুর রহমান জানান, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।


