ইউপিতে বিএনপির প্রার্থী হতে পাঁচজনের সুপারিশ লাগবে
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১১:৩০ পূর্বাহ্ণ | সংবাদটি ৯৪৪ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন পেতে হলে দলের উপজেলা ও ইউনিয়ন কমিটির পাঁচজন নেতার যৌথ সুপারিশ লাগবে। এই পাঁচজন হলেনÑ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। তাদের সুপারিশের ভিত্তিতে প্রার্থীর নাম অনুমোদন করবেন বিএনপি চেয়ারপারসন। শনিবার বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান। এছাড়া সুপারিশকৃত চেয়ারম্যান পদপ্রার্থীর নির্ভুল নাম এবং ভোটার আইডি নম্বর (ভোটার তালিকা থেকে সংগৃহীত) সংগ্রহ করে মনোনয়নপত্র দাখিলের সাত দিন আগে অবশ্যই বিএনপির কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর জন্য জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক কমিটির ক্ষেত্রে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব সুপারিশ করবেন। সদস্য সচিব না থাকলে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুপারিশ করবেন। একইভাবে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির ক্ষেত্রেও আহ্বায়ক ও সদস্য সচিব সুপারিশ করবেন। সদস্য সচিব না থাকলে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও ২ নম্বর যুগ্ম আহ্বায়কসহ যৌথভাবে পাঁচজন দলীয় চেয়ারম্যান পদপ্রার্থীর নাম সুপারিশ করবেন। আহ্বায়ক কমিটিতে যদি যুগ্ম আহ্বায়কের পদ না থাকে, সে ক্ষেত্রে উপজেলা বিএনপির কমিটির ক্ষেত্রে আহ্বায়ক ও সদস্য সচিব, সদস্য সচিব না থাকলে ১ নম্বর সদস্য এবং ইউনিয়ন বিএনপির কমিটির ক্ষেত্রে আহ্বায়ক ও সদস্য সচিব, আর সদস্য সচিব না থাকলে ১ নম্বর সদস্য ও ২ নম্বর সদস্য অর্থাৎ, অনুরূপ পাঁচজন যৌথভাবে প্রার্থীর নাম অনুমোদনের জন্য সুপারিশ করবেন।


