জগন্নাথপুরে দলীয় ভোটে চেয়ারম্যান প্রার্থী ছদরুল বিজয়ী
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১০:২৮ অপরাহ্ণ | সংবাদটি ৬৫৫ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ডাঃ ছদরুল ইসলাম দলীয় ভোটে বিজয়ী হয়েছেন।
জানাগেছে, গত শনিবার রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ সমর্থিত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মনোনীত করতে প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত মোট ৮ জন চেয়ারম্যান প্রার্থী অংশ গ্রহন করেন। তারা হচ্ছেন, রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হক, সাবেক চেয়ারম্যান আব্দুল হাফিজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী সুন্দর আলী, সাধারণ সম্পাদক ডাঃ ছদরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সাহেদ আলী সরকার, শাহজাহান সিরাজ ও শহীদুল ইসলাম রানা। নির্বাচনে মোট ১৮ টি ভোটের মধ্যে ১৬ টি ভোট কাষ্ট হয়। এ সময় তৃণমুল পর্যায়ের দলীয় নেতাদের গোপন ভোটে চেয়ারম্যান প্রার্থী ডাঃ ছদরুল ইসলাম মোট ৬ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁন নিকটতম প্রতিদ্বন্ধি হাজী সুন্দর আলী ৩ ও শাহজাহান সিরাজ ৩ ভোট পেয়েছেন। অন্যদের মধ্যে রেজাউল করিম রিজু ২ ও শহীদুল ইসলাম রানা ২ ভোট পান। বাকি প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হক, সাবেক চেয়ারম্যান আব্দুল হাফিজ ও সাহেদ আলী সরকার কোন ভোট পাননি।
এ ব্যাপারে তৃণমুলের ভোটে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থী ডাঃ ছদরুল ইসলাম জানান, উপজেলা আওয়ামীলীগের শীর্ষ নেতাদের নীতিগত সিদ্ধান্তের আলোকে তৃণমুল নেতাদের ভোটে আমি প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছি। এখন দলীয় প্রতীক নৌকা পেতে আর কোন বাধা থাকার কথা নয়। এবার আমি আশাবাদী দলীয় প্রতীক নৌকা পাবো। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করলে জনরায়ে আমি নির্বাচিত হবো ইনশাল্লাহ।
এদিকে-উপজেলার পাটলি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান আংগুর মিয়া, আওয়ামীলীগের প্রবীণ নেতা সাবেক চেয়ারম্যান শাহ আব্দুর রকিব ও বর্তমান চেয়ারম্যান সিরাজুল হকসহ ৩ জনের নাম প্রস্তাব করা হয় বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন।


