পা দিয়ে লিখে পরীক্ষা
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৪:২৯ অপরাহ্ণ | সংবাদটি ৬৫০ বার পঠিত
নিউজ ডেস্ক:: আরিফার দুটি হাতই জন্ম থেকে অচল। তাই পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছে সে। এসএসসি পরীক্ষার্থী আরিফা খাতুন লালমনিরহাট সদরের ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখা থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করছে। লালমনিরহাট সরকারী বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী এই প্রতিবন্ধী পরীক্ষার্থীর জন্য দেয়া হয়েছে ২০ মিনিট অতিরিক্ত সময়।পাঁচ ভাইবোনের মধ্যে সর্বশেষ আরিফা খাতুন পড়াশুনায় বেশ মনোযোগী। তার অপর দুই ভাই ও দুই বোন স্বাভাবিক হলেও আরিফা জন্মের পরই প্রতিবন্ধী হয়ে যায়। বাবা আব্দুল আলী একজন দিনমজুর আর মা মমতাজ বেগম ঘর গৃহিনী। সদর উপজেলার খোড়ারপুল শাহীটারী গ্রামের অধিবাসী দিনমজুর আব্দুল আলী তার প্রতিবন্ধী মেয়েকে পড়াশুনা করাচ্ছেন অতিকষ্টে।
আরিফা খাতুন স্থানীয় রায়পাড়া ব্র্যাক প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পাস করে ভর্তি হয় ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে। মেধা তালিকায় পঞ্চমে থাকা আরিফা এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করবে আর এমনটিই বিশ্বাস আরিফার শিক্ষক, সহপাঠী, প্রতিবেশী ও বাবা-মায়ের।
আরিফা খাতুনের দুটি হাতই অচল হওয়ায় পা দিয়েই সব কাজ করে সে। লেখা, আঁকা, পানি পান করা, মাথায় চিরুনী দেয়া এর সবই পা দিয়ে করে সে। মা মমতাজ বেগম তাকে খাইয়ে দেন, গোসল করিয়ে দেন আর পোশাক পড়তে সহযোগিতা করেন।
ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী জানান, শারীরিক প্রতিবন্ধী আরিফা খাতুন অদম্য ইচ্ছা থেকে পড়াশুনা করছে আর উচ্চ শিক্ষিত হয়ে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখে সে। কিন্তু দারিদ্রতা তার জন্য অনেকটাই প্রতিবন্ধকতা তৈরী করে। দারিদ্রতা আর প্রতিবন্ধীকে জয় করে আরিফা একদিন লালিত স্বপ্নকে বাস্তব রুপ দিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আরিফা বলে তিনি জানান।


