মানুষের জীবন রক্ষায় পুরস্কৃত হলেন বিশ্বনাথ থানার এসআই তোফাজ্জুল
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৬:৫২ অপরাহ্ণ | সংবাদটি ১০৪৮ বার পঠিত
তজম্মুল আলী রাজু :: অটোরিকশা (সিএনজি) চালকের জীবন রক্ষার জন্য পুরস্কৃত হয়েছেন বিশ্বনাথ থানার এসআই তোফাজ্জল হোসেন। গতকাল বৃহস্পতিবার সকালে সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে এই পুরস্কার প্রদান করা হয়। এসআই তোফাজ্জল হোসেনের হাতে ক্রেস্ট তুলে দেন সিলেটের পুলিশ সুপার নূরেআলম মিনা পিপিএম।
জানা গেছে, গত ৩ জানুয়ারী রাত ১১টায় যাত্রী বেশি একদল ছিনতাইকারী সিলেট থেকে বিশ্বনাথ আসার জন্য একটি সিএনজি রিজার্ভ করে। সিএনজিটি বিশ্বনাথে আসার পথিমধ্যে উপজেলার টেংরা গ্রামের মধ্যবর্তি নির্জনস্থানে আসার পর সেই ছিনতাইকারীরা সিএনজি চালক লিটন মিয়াকে হত্যার উদ্দেশ্যে অস্ত্রের মুখে জিম্মি টেংরা হাওরের দিকে নিয়ে যায়। এসময় ওই সড়কে টহলরত পুলিশ দলের চোঁখে পড়ে সড়কের পাশে চালক বিহীন দাঁড়িয়ে থাকা সিএনজিটি। থানা পুলিশের কনস্টেবল শামীম সড়কের পার্শ্ববর্তি ক্ষেতে বিচ্ছিন্নভাবে জুতো, মোবাইল, কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখে বিষয়টি এসআই তোফাজ্জুল হোসেনকে অবহিত করেন। বিষয়টি পুলিশের চোখে সন্দেহজনক হলে এসময় এসআই তোফাজ্জুল হোসেন নিজের সাথে থাকা টর্চ লাইট জালিয়ে হাওরের দিকে এগিয়ে যান। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে এসময় ছিনতাইকারী দল পালিয়ে যায়। ফলে হাত-পা বাঁধা ও উলঙ্গ অবস্থায় সিএনজি চালক লিটনকে উদ্ধার করে পুলিশ। আর এই বিষটি মূল্যায়ন করে এসআই তোফাজ্জল হোসেনকে পুরস্কৃত করা হয়েছে বলে জানা গেছে।


