বিশ্বনাথে একই ঘরে দুই উপজেলার দুই ইউনিয়নের ভোটার !
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১১:২৯ পূর্বাহ্ণ | সংবাদটি ৮৪৬ বার পঠিত
নিউজ ডেস্ক :: একটি গ্রামে দুটি উপজেলার ভোটার থাকতে পারে, কিন্তু একটি বাড়িতে নয়; একই ঘরে ভোটার আছে দুই উপজেলার। মা ও বাবা একটি উপজেলার এবং তাদের দুই পুত্র অন্য উপজেলার ভোটার। বিশ্বনাথ এবং দক্ষিণ সুরমা উপজেলায় এমন তোঘলকি কাণ্ড ঘটানো হয়েছে।
বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডভুক্ত গ্রাম তালিবপুর শেখেরগাঁও। এই গ্রামের অধিবাসী শেখ আব্দুস সোবহান, পিতা- মৃত শেখ আব্দুস সাত্তার। ২০১৩ সালের ৩১ জানুয়ারি প্রণীত তালিকানুযায়ী শেখ আব্দুস সোবহান অলংকারী ইউনিয়নের তালিবপুর শেখেরগাঁওয়ের ১০১ নম্বর (পুরুষ) ভোটার। একই ঠিকানায় তাঁর স্ত্রী শেখ আফিয়া খানমের ভোটার নম্বর ১০১ (মহিলা)।
কিন্তু তাঁদের দুই পুত্র শেখ মখজুদুল ইসলাম এবং শেখ মাশহারুল ইসলামকে দক্ষিণ সুরমা উপজেলার নবগঠিত কামালবাজার ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ভোটার বলে তালিকাভুক্ত করা হয়েছে। দুই সহোদরের গ্রাম তালিবপুর শেখেরগাঁও দেয়া হলেও উল্লেখ করা হয়েছে ‘আংশিক’। ওই ঠিকানায় শেখ মখজুদুল ইসলামের ভোটার নম্বর ৭৭ এবং শেখ মাশহারুল ইসলামের ভোটার নম্বর ৭২ (পুরুষ)।
গ্রামের মানুষের কোনো মতামত না নিয়ে কর্মকর্তারা তাদের খেয়ালখুশিমতো একই ঘরের একই পরিবারের লোকজনকে দুটি উপজেলায় বিভক্ত করেছেন। এভাবেই কয়েকটি গ্রাম নিয়ে কামালবাজার ইউনিয়ন গঠন করা হয়েছে। এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে শেখ মাশহারুল ইসলাম ২০১৪ সালে হাইকোর্টে রিট করেন। রিট আবেদনে বলেন, তিনি বিশ্বনাথের অলংকারি ইউনিয়নে থাকতে চান।


