বিশ্বনাথে সরকারি কবরস্থানের গাছ কর্তনের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০১৬ ইং, ৪:০০ অপরাহ্ণ | সংবাদটি ৬৪৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে উপজেলার গড়গাঁও গ্রামস্থ প্রায় শত বছরের পুরাতন সরকারি কবরস্থানের গাছ প্রতিপক্ষ কর্তৃক জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগে বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা বরাবরে ‘গড়গাঁও পঞ্চায়েত ও গ্রামবাসী’ স্মারকলিপি প্রদান করেছেন। গাছ কাটার ঘটনায় গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে বলে জানাগেছে।
গড়গাঁও পঞ্চায়েত ও গ্রামবাসী স্বাক্ষরিত স্মারকলিপিতে অভিযুক্ত করা হয়েছে- একই গ্রামের মৃত শফিক মিয়ার পুত্র সাকির মিয়া উরপে মধু মিয়া (৪০), রাসেল আহমদ (২৮), মৃত রইছ মিয়ার পুত্র মাসুক মিয়া (৫৫), মৃত ছাদিক মিয়ার পুত্র লায়েক মিয়া (৪১), তারেক মিয়া (৩০), মৃত আকিল আলীর পুত্র তুরণ মিয়া।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বিশ্বনাথ উপজেলার পিঠাকরা মৌজার, জে.এল নং ৫৯, এস.এ খতিয়ান নং ০১, এস.এ দাগ নং ৯৪৮, বি.এস দাগ নং ১০০১’র ১.০৩ একর ভূমিতে থাকা গাছ-গাছালির মালিক স্বত্ববান সরকার। প্রায় শত বছর পূর্ব থেকে গড়গাঁও পঞ্চায়েতের লোকজন বংশ পরস্পরায় ভাবে উক্ত ভূমিতে কবর স্থান হিসেবে ব্যবহার করে আসছেন। ২৭ ফেব্রুয়ারী দুপুরে অভিযুক্তরা দা, কুড়াল, করাত সহকারে সেই সরকারি কবরস্থানে প্রবেশ করে প্রায় ২০ হাত লম্বা ও ৪/৫ হাত প্রস্থ একটি করছ গাছ জোরপূর্বক কেটে নিয়ে অভিযুক্তরা নিজেদের বাড়িতে রাখে। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা।
স্মারকলিপি পাওয়ার সত্যতা স্বীকার করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমীন বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


