‘সাবাশ বাংলাদেশ’ স্লোগানে প্রকম্পিত বিশ্বনাথ শহর
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০১৬ ইং, ২:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ৮৫৮ বার পঠিত
স্টাফ রিপোর্টার : অঘোষিত এক সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে দুরন্ত, দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ। এরই মধ্য দিয়ে এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছেন মাশরাফিরা। বুধবার রাত সোয়া ১১টার দিকে টাইগারদের জয় নিশ্চিত হওয়ার পর প্রকম্পিত হয়ে ওঠে বিশ্বনাথের রাজপথ। ‘সাবাশ বাংলাদেশ! সাবাশ!!’ স্লোগানে মুখরিত হয়ে শহরের পাড়ামহল্লা।
জিতলেই ফাইনাল, এরকম এক সমীকরণের মুখে দাঁড়িয়ে মাশরাফি-মাহমুদুল্লাহরা বাংলাদেশকে ৫ উইকেটের এক দুর্দমনীয় জয় এনে দিয়েছেন। পাকিস্তানীদের বিপক্ষে এই অসামান্য জয়ের পর উৎসবের নগরী হয়ে ওঠে গোটা বিশ্বনাথ।
একে তো গত এশিয়া কাপের ফাইনালে পাকিদের কাছে ২ রানের হারের মধুর প্রতিশোধ, তারওপর ফাইনাল নিশ্চিত হওয়ায় ক্রীড়াপ্রেমী মানুষের উচ্ছাস ছিল অনেক বেশি। এই উচ্ছাস ফাইনালের পরও বজায় থাকবে, এমনটা কে না চায়!


