সিলেট-২ আসনে বিপুল ভোটে নৌকার প্রার্থী শফিক চৌধুরী বিজয়ী
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৪ ইং, ১০:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ২৫৮ বার পঠিত
মোহাম্মদ আলী শিপন, জামাল মিয়া:: সিলেট-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আজ রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ব্যালট পেপারের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুর রহমান চৌধুরী (নৌকা প্রতীক) বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। রবিবার রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার বেসরসরকারি ভাবে তাকে নির্বাচিত ঘোষনা করেন। সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে শফিকুর রহমান চৌধুরী দ্বিতীয় বারের মতো এমপি নির্বাচিত হন। এরআগে ২০০৮ সালের নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। শফিকুর রহমান চৌধুরী ৭৮ হাজার ৩শ ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী স্বতন্ত্র বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমান (ট্রাক প্রতীকে) ১৬ হাজার ৬শ ৬১ ভোট পেয়েছেন।
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ১২৭টি (বিশ্বনাথ উপজেলায় ৭৪টি ও ওসমানীনগর উপজেলায় ৫৩টি) ভোট কেন্দ্রে ৩ লাখ ৪৪ হাজার ৭২৯ জন (পুরুষ ভোটার ১ লাখ ৭৬ হাজার ১৪৭ জন ও নারী ভোটার ১ লাখ ৬৮ হাজার ৫৮২ জন) ভোটারের মধ্যে ১ লাখ ৬ হাজার ৮৪৭ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী ৫ বছরের জন্য ‘সংসদ সদস্য’ হিসেবে শফিকুর রহমান চৌধুরীর হিসেবে নির্বাচিত করেছেন।
শফিক-মুহিব এছাড়াও নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী অপর প্রার্থীদের মধ্যে ‘লাঙ্গল’ প্রতীকে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া ৬ হাজার ৮৭৪ ভোট, ‘উদিয়মান সূর্য্য’ প্রতীকে বর্তমান এমপি ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান ১ হাজার ৯২২ ভোট, ‘সোনালী আঁশ’ প্রতীকে আব্দুর রব মল্লিক ৯৪৪ ভোট, ‘আম’ প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির মনোয়ার হোসেন ২৫৩ ভোট এবং ‘ডাব’ প্রতীকে কংগ্রেস’র মো: জহির ১৮৫ ভোট পেয়েছেন।
বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন প্রক্রিয়া। যদিও দুপুর ২টার দিকে নৌকার প্রার্থীর বিরুদ্ধে জাল ভোট প্রয়োগ ও নিজের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে একটি রেস্টুরেন্টে একসাথে নির্বাচন বর্জনের ঘোষণা দেন ‘মোকাব্বির খান, ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া মুহিবুর রহমান, আব্দুর রব মল্লিক’ প্রার্থী।
নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল অন্য যেকোন নির্বাচনের তুলনায় অনেক কম। ভোট গ্রহন শেষে গনণার পর নৌকার বিজয়ের খবর আসার সাথে সাথে নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দিপনা দেখা দেয়।



