নূরজাহান বেগমের শোকাহত পরিবারের পাশে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৪ ইং, ৫:৪৬ অপরাহ্ণ | সংবাদটি ১০৫০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, সিলেটের কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলী নিখোঁজের সঙ্গে তার গাড়ি চালক আনসার আলীও নিখোঁজ হন। কিন্তু র্দীঘ প্রায় এক যুগ হলেও তাদের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। সরকারের আইন প্রয়োগকারী সংস্থা র্যাব-পুলিশ কেউ তাদের উদ্ধার করতে পারেনি। থেমে গেছে উদ্ধার তৎপরতাও। রাজনৈতিক নেতাকর্মী, আত্মীয়স্বজনসহ আমাদের পরিবারের সদস্যরাও জানেন না কোথায় আছেন তারা। নিখোঁজের পর থেকে আনসারের সন্ধানে দিনরাত এক করেছে তার পরিবার। ইলিয়াস আলীর মতো আনসারের সন্ধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছিল তার পরিবার। তবুও অপেক্ষার প্রহর শেষ না হলেও পথ চেয়ে বসে ছিলেন তার গর্ভধারিনী মা নূর জাহান বেগম। তার আত্মবিশ্বাস ছিল ছেলে আনসার আলী তার বুকে একদিন ফিরে আসবে। নিখোঁজ ছেলে আনসারের অপেক্ষায় একযুগ পার করলেও অবশেষে না ফেরার দেশে চলে গেলেন মা নূরজাহান বেগম। আজ শনিবার বিকেলে সিলেটের বিশ্বনাথের গুমরাগুল গ্রামে নিখোঁজ ইলিয়াস আলীর গাড়ি চালক নিখোঁজ আনসার আলীর শোকাহত পরিবারকে দেখতে গিয়ে স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীর উদ্দেশে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের এক তরফা কথিত সাজানো ডামি নির্বাচন প্রত্যাখান করে ভোট কেন্দ্রে না যাওয়ায় সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের গণতন্ত্রকামী জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাহসিনা রুশদীর আরও বলেন, বিশ্বনাথ-ওসমানীনগরের মানুষ আবারও প্রমাণ করেছেন এ আসন ইলিয়াস আলী ঘাটি এবং এই অবৈধ সরকারের পাতানো নির্বাচনে জনগণের অংশগ্রহণ ছিলনা।
তিনি বলেন, এই প্রহসনের নির্বাচনকে নিয়ে দেশের মানুষের কোনো আগ্রহ ছিলনা। তার প্রমাণ ভোটের দিন মুক্তিকামী মানুষ দিয়েছেন। ভোট কেন্দ্রে ভোটারবিহীন অবস্থায় অলস সময় পার করেছিলেন জনগণের টাকায় নিয়োগকৃত সরকারি কর্মচারীরা। সরকারি হাজার হাজার কোটি টাকা খরচ করে এই ভূয়া নির্বাচন সম্পন্ন করেছে সরকার। ইনশাআল্লাহ অচিরেই এই ডামি নির্বাচন বাতিল করে জনগণের অংশগ্রহণে একটি অবাধ সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য হবে সরকার। এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে মুক্তিকামী মানুষকে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। ভয়ভীতি হামলা, মামলা, নিয়ে বিশ্বনাথ-ওসমানীনগরের মানুষ তাদের প্রিয় নেতা ইলিয়াস আলীকে একদিন গুম নামক কারাগার থেকে মুক্ত করবে ইনশাল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও এম ইলিয়াস আলীর একান্ত সচিব ময়নূল হক, বিশ্বনাথ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আমির উদ্দিন, প্রচার সম্পাদক কয়েছ মিয়া, উপজেলা বিএনপির সদস্য জাহিদুল ইসলাম, উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আরফান আলী, সুলতান মিয়া, ধন মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকার, বিএনপি নেতা বাদশা মিয়া, ওয়ার্ড বিএনপি সভাপতি লিয়াকত মিয়া, আবু সৈয়দ, সমছু মিয়া, ইরন মিয়া, উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, যুগ্ম-আহবায়ক তাজ উদ্দিন আহমদ কিনু, উপজেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক আব্দুল কুদ্দুস, , খাজাঞ্চি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মখবুল হোসেন, নিজাম উদ্দিন, জলাল উদ্দিন, সদস্য সচিব গোলাম আকবর, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুর আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহিদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কয়েছ আহমদ সবুজ প্রমুখ।


