স্বাধীনতার পর প্রথম মন্ত্রী ও দ্বিতীয় প্রতিমন্ত্রী পেলেন বিশ্বনাথবাসী
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৪ ইং, ১১:২৫ পূর্বাহ্ণ | সংবাদটি ৩১১ বার পঠিত
মোহাম্মদ আলী শিপন:: স্বাধীনতার পর প্রথম বিশ্বনাথী হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রীসভায় টেকনোক্র্যাট কোটায় পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটের প্রধান, উপজেলার অলংকারী ইউনিয়নের টুকেরকান্দি গ্রামের ডা. সামন্ত লাল সেন। দ্বিতীয় বিশ্বনাথী হিসেবে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সিলেট-২ আসনে দ্বিতীয় বার নির্বাচিত সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামের শফিকুর রহমান চৌধুরী। এর আগে, দ্বিতীয় জাতীয় সংসদে বিএনপি সরকারের মন্ত্রীসভায় প্রথম বিশ্বনাথী হিসেবে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামের দেওয়ান তৈমুর রাজা চৌধুরী।
স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সিলেটের ২ আসন (বিশ্বনাথ-ওসমানীনগর) আওয়ামী লীগের কোন এমপি মন্ত্রিত্বের স্বাদ পাননি। আওয়ামী লীগ এই নিয়ে ছয় বার ক্ষমতায়। টানা চতুর্থবারের মতো দলটি ক্ষমতায় আসাতে বিশ্বনাথ আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ছিলো মন্ত্রিসভায় সিলেট-২ আসনে কাউকে চাই। দীর্ঘদিন পর বিশ্বনাথ থেকে প্রতিমন্ত্রী দায়িত্ব পাচ্ছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের নব-নির্বাচিত এমপি শফিকুর রহমান চৌধুরী। আজ বৃহস্পতিবার শপথ নেবেন তিনি। স্বাধীনতার পর মন্ত্রী পাওয়ায় আনন্দিত বিশ্বনাথ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন।
গতকাল বুধবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদের একটি তালিকা প্রকাশ করেন। এ তালিকা অনুযায়ী সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের নব-নির্বাচিত এমপি শফিকুর রহমান চৌধুরী প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহনের ডাক পান। ঘোষণার পর থেকেই আনন্দিত বিশ্বনাথ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন ভাবে নেতাকর্মীরা সকলেই অভিনন্দন জানাচ্ছেন নতুন এই প্রতিমন্ত্রীকে।
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতিক নিয়ে ৭৮ হাজার ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। আজ বুধবার শফিকুর রহমান চৌধুরী শপথ গ্রহন করেন। তিনি শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যে পেলেন সুখবর। মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন শফিক চৌধুরী এমন খবরে তাঁর নির্বাচনী এলাকার নেতাকর্মীসহ সাধারণ জনগণ উজ্জীবিত রয়েছেন। এর আগে শফিক চৌধুরী ২০০৯ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলীকে হারিয়ে প্রথমবার এমপি নির্বাচিত হন। গেল দুইবার জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাবার পরও জোটের স্বার্থে শরীক দলের জন্য নিজ মনোনয়ন দূ-বারই প্রত্যাহার করে অসীম ত্যাগ স্বীকার করায় এবার তিনি তার উত্তম পুরস্কার পেতে যাচ্ছেন। আর মাত্র কয়েক ঘন্টা পর প্রতিমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিলে তিনি হবেন বিশ্বনাথের স্থানীয় রাজনীতির ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি দুইবার সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী নির্বাচিত হলেন। শুধু তাই নয়, তিনি হবেন আওয়ামী লীগের সরকারে বিশ্বনাথের ১ম প্রতিমন্ত্রী। বিশ্বনাথের ইতিহাসে ২য় প্রতিমন্ত্রী। কারণ ১৯৭৯ সালে বিশ্বনাথের ১ম ব্যক্তি হিসেবে দেওয়ান তৈমুর রাজা চৌধুরী তখনকার বিএনপি সরকারের রেল-সড়ক ও যোগাযোগ প্রতিমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। ১৯৭৯ সালের পর থেকে আজ দীর্ঘ ৪৫ বছর পর বিশ্বনাথবাসী নিজের ঘরের মানুষ হিসেবে কাউকে মন্ত্রী হিসেবে পেল। দেওয়ান তৈমুর রাজা চৌধুরীর পর বিশ্বনাথের অনেক কৃতিসস্তান এই আসনে এমপি নির্বাচিত হন। কিন্ত বিশ্বনাথের কারো ভাগ্যে মন্ত্রীর মত পদবী জোটেনি। আর এ জন্য বিশ্বনাথবাসীকে দীর্ঘ ৪৫ বছর অপেক্ষা করতে হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট-২ আসনে দুই বারের মত নির্বাচিত সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী শপথ নিলে বিশ্বনাথবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত একটি স্বপ্ন পূরণ হবে। বিশ্বনাথের সর্বত্র আনন্দের বন্যা বইছে।
এ বিষয়ে নব-নির্বাচিত সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে আলাপকালে তিনি এক প্রতিক্রিয়া জানান, “মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন তার জন্য আমি সিলেটবাসী ও প্রবাসীদের পক্ষ থেকে তার প্র আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে সিলেটবাসী ও দেশবাসীর কাছে দোয়া কামনা করি। আমি যেন প্রধানমন্ত্রীর এই প্রতিদান শতভাগ পূরণ করতে পারি।
বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা আনন্দিত ও খুশি। স্বাধীনতার পর বিশ্বনাথ আওয়ামী লীগ কোন মন্ত্রী আসে নাই। এবার আমাদেও নেতা শফিকুর রহমার চৌধুরী প্রতিমন্ত্রী করাতে আমরা বিশ্বনাথবাসী আনন্দিত। আমরা জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আলতাব হোসেন বলেন, বিশ্বনাথবাসী এক সঙ্গে দুই মন্ত্রী পেয়েছেন এটা আমাদের জন্য খুশির সংবাদ। বিশ্বনাথ আওয়ামী লীগের ইতিহাসে এটা গর্বের বিষয়।


