প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন শফিক চৌধুরী
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৪ ইং, ৯:২২ অপরাহ্ণ | সংবাদটি ২৩৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতিক নিয়ে ৭৮ হাজার ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। আজ বুধবার শফিকুর রহমান চৌধুরী শপথ গ্রহন করেন। তিনি শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যে পেলেন সুখবর। মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন শফিক চৌধুরী। এমন খবরে তাঁর নির্বাচনী এলাকার নেতাকর্মীসহ সাধারণ জনগণ উজ্জীবিত রয়েছেন। এর আগে শফিক চৌধুরী ২০০৯ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলীকে হারিয়ে প্রথমবার এমপি নির্বাচিত হন।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পেয়েছেন উল্লেখ করে শফিকুর রহমান চৌধুরী গণমাধ্যম কর্মীদের বলেন, কোন মন্ত্রণালয় মিলছে তা এখনো জানানো হয়নি। আগামীকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবনে প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।


