বিশ্বনাথে নানার বাড়ি যাওয়ার পথে দূর্বৃত্তদের হামলায় স্কুলছাত্র আহত
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৪ ইং, ১১:২৪ অপরাহ্ণ | সংবাদটি ৩২৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে দূর্বৃত্তদের হামলায় জুনাইদ আহমদ (১৫) নামের এক স্কুলছাত্র আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সে পৌর শহরের মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্র ও পৌরসভার ১নং ওয়ার্ডের রামধানা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুস সালামের ছেলে। জুনাইদ বর্তমানে কাদিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার বৈরাগীবাজার-সিংগেরকাছ সড়কের গোয়াহরি গ্রামের রাস্তায় সম্মূখে এ ঘটনা ঘটে। পরে সাইদুর রহমান নামের এক সিএনজি চালক সড়কের পাশ থেকে আহত স্কুল ছাত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এসময় হামলাকারী কাউকে চিনতে পারেনি এবং হামলার কারন কি তাও বলতে পারেনি আহত স্কুল ছাত্র। খবর পেয়ে থানা পুলিশের এসআই পান্না ও এসআই আবদুল মান্নানসহ একদল পুলিশ হাসপাতালে ছুটে যান।
আহত জুনাইদ আহমদ সাংবাদিকদের জানান, তার বাবা-মা যুক্তরাজ্যে থাকায় সে উপজেলার নওধার গ্রামের তার নানা হাজী আব্দুল আহাদের বাড়িতে বসবাস করে। স্কুল ছুটির পর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় নানা-বাড়ি ফেরার পথে গোয়াহরি গ্রামের রাস্তায় গাড়ি থেকে নামা মাত্রই দু্-জন যুবক মোটরসাইকেল থেকে নেমে একজন তার হাতে রামদার মত কিছু দিয়ে কোপ দেয়। অপর জন রোল দিয়ে পায়ে দুটি আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। তবে এঘটনায় থানায় এখনও (বুধবার) রাত ১১টা পর্যন্ত কোনো লিভিত অভিযোগ পাওয়া যায়নি বলে তিনি জানান।


