মামলা থেকে অব্যাহিত পেলেন সুহেল চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৪ ইং, ৮:২৭ অপরাহ্ণ | সংবাদটি ১৭০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে পরিকল্পিত আক্রমণ, টাকা ছিনিয়ে নেয়া ও জুতাপেটার অভিযোগে দ্রুত-বিচার আইনের মামলা থেকে উপজেলা পরিষদের সাবেক (সদ্য অপসারিত) চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী ও অপর আসামি জাহাঙ্গীর আলমকে অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার (৯ অক্টোবর) সিলেট দ্রুত বিচার আইন আদালত (১) এর সিনিয়র ম্যাজিস্ট্রেট ওয়াহাব মিয়া এ আদেশ দেন। আদালতে সুহেল চৌধুরী পক্ষে শুনানি করেন আইনজীবী আনোয়ার হোসেন।
জানা গেছে, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া চলতি বছরের ২২ আগস্ট জুতা পেটা, টাকা আত্মসাৎসহ একাধিক অভিযোগ এনে তার একসময়ের রাজনৈতিক ঘনিষ্ঠজন, উপজেলা পরিষদের দু’বারের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী ও জেলা যুবদলের সহ-সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে আসামি করে দ্রুত বিচার আদালতে একটি মামলা করেন (সিআর মামলা নং ৩৭)। আদালত এই অভিযোগ আমলে নিয়ে বিশ্বনাথ থানাকে এটি এফআইআর হিসেবে গণ্য করতে নির্দেশ দেয় (মামলা নং ১৪)। বুধবার (৯ অক্টোবর) একই অভিযোগে বাদীর একাধিক মামলা করায় আদালত এই মামলা থেকে সুহেল আহমদ চৌধুরীসহ অপর আসামিকে অব্যাহতি দেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী।
প্রসঙ্গত, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর বিরুদ্ধে একই অভিযোগে বিএনপি নেতা লিলু মিয়া চারটি মামলা করেন। এর মধ্যে একটি মামলা থেকে তিনি ইতিমধ্যে অব্যাহতি পেয়েছেন, দুটি মামলা খারিজ হয়েছে, এবং অপর একটি মামলা বিচারাধীন রয়েছে।
আইনজীবী আনোয়ার হোসেন বলেন, সুহেল আহমদ চৌধুরীর বিরুদ্ধে বাদীর আনা অভিযোগ থানা পুলিশ তদন্তপূর্বক আদালতে ফাইনাল রিপোর্ট প্রদান করে। এ কারণে এ মামলার দুই আসামি সুহেল আহমদ চৌধুরী ও জাহাঙ্গীর আলমকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।


