বিশ্বনাথের লামাকাজি সেতুর টোল আদায় ফের শুরু
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৪ ইং, ১০:২৫ অপরাহ্ণ | সংবাদটি ৪২৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথের লামাকাজি এম এ খান সেতুর টোল আদায় বন্ধ থাকার ১ মাস ৫ দিন পর ফের টোল আদায় শুরু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকাল থেকে এ সেতুর টোল আদায় শুরু হয়। দুপুরের পর থেকে উপজেলা প্রশাসনের সহায়তায় টোল আদায় কার্যক্রম শুরু করে সওজ কর্তৃপক্ষ। বুধবার সকাল থেকে লামাকাজি এম এ খান সেতুর টোল আদায় শুরু হয় বলে জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুনন্দা রায়।
এ সময় সড়ক ও জনপথ (সওজ) সিলেট বিভাগের উপ সহকারি প্রকৌশলী শহিদুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শাহাদাত হোসেন, বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুনন্দা রায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর লামাকাজি এম এ খান সেতুর টোল আদায় বন্ধ করে দেন বিক্ষুব্দরা। এতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আদায় হ্রাস পাওয়ার সম্ভাবনা দেখা দেয়। শেখ হাসিনা দেশ ছাড়ার পর পরই সিলেটের গুরুত্বপূর্ণ এ সেতুর টোল প্লাজা বন্ধ করে দেন বিক্ষুব্ধরা। গত ৫ আগস্টের পর থেকে এ সেতু থেকে কোনো টোল আদায় হয়নি।
সিলেট সড়ক বিভাগের সরবরাহ করা তথ্যমতে, টোল আদায় করা হয় এমন সেতুর মধ্যে সবচেয়ে পুরনো সেতু হচ্ছে সিলেট-সুনামগঞ্জ সড়কের বিশ্বনাথ উপজেলায় অবস্থিত লামাকাজি এম এ খান সেতু। ১৯৮৪ সালে নির্মিত সেতুতে ব্যয় হয় ৭ কোটি ৬১ লাখ ৬৭ হাজার টাকা। ১৯৯০ সালের ৩রা আগস্ট টোল আদায় শুরুর পর থেকে টোল আদায় অব্যাহত রয়েছে।


