বিশ্বনাথে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হামলায় আহত ৫
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৫ ইং, ১১:৩৬ অপরাহ্ণ | সংবাদটি ১০১১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। (৩ জানুয়ারি) শুক্রবার বিকেলে উপজেলার রামপাশা ইউনিয়নে পাঠাকইন গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-পাঠাকইন গ্রামের মাসুক মিয়া (৫০), মৌরশ আলী (৪৪), দিলনূর মিয়া (৪৮), শরিফুন নেছা (৫৫), সাবিনা বেগম (১৫)। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এঘটনায় শনিবার রাতে পাঠাকইন গ্রামের বিলাল মিয়া বাদি হয়ে একই গ্রামের সোহেল মিয়াকে প্রধান আসামি করে আরও ৮জনের নাম উল্লেখ রেখে বিশ্বনাথ থানা লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানাগেছে, বাদি বিলাল মিয়া ও অভিযুক্তরা পরস্পর আত্বীয় এবং পাশাপাশি বাড়ির বাসিন্দা। গত বৃহস্পতিবার বিকেলে পাঠাকইন গ্রামের ক্রিকেট খেলার মাঠে গ্রামের হেলাল মিয়ার ছেলে শাওনের (২০) সঙ্গে একই গ্রামের দিলনূর মিয়ার ছেলে শিহাবের (১৩) ক্রিকেট খেলা নিয়ে কথাকাটাটি হয়। এরই জের ধরে শুক্রবার বিকেলে অভিযুক্ত সোহেল মিয়া বাদীর পক্ষের লোকজনকে তাদের বাড়িতে আসার কথা বলেন। এতে বাদী পক্ষের লোকজন সরল বিশ্বাসে তাদের (আসামি) পক্ষের বাড়িতে যান। এসময় বাদীর পক্ষের লোকজনের প্রতি আসামি পক্ষের লোকজন দারালো দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলায় চালায়। এতে বাদী পক্ষের ৫জন গুরুতর আহত হন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এব্যাপারে অভিযুক্ত সোহেল মিয়ার পক্ষের চুনু মিয়া বলেন, ক্রিকেট খেলার মাঠে দুই যুবকের মধ্যে কথাকাটাটি হয়। বিষয়টি মিমাংসার চেষ্টা করা হয়। কিন্তু হামলার বিষয়টি সঠিক নয়।
অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া বলেন, তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।



