মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বিশ্বনাথের তরুণের প্রাণ গেল
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৫ ইং, ৭:৩৫ অপরাহ্ণ | সংবাদটি ১৩২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের সাদাপাথর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্বনাথের আল ইমরান জিসান (২৩) নামের তরুণ ব্যবসায়ীর। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে মোঃ হাসান (২৪) নামের আরও একজন আহত হয়েছেন। সিলেট বিমানবন্দর থানাধীন বড়শালা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত হয়েছেন। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার পৌর শহরের ব্যবসায়ী আবু তালেবের একমাত্র ছেলে।
নিহত জিসান বিশ্বনাথ পৌরসভার রামসুন্দর হাইস্কুল মার্কেটের ‘বিসমিল্লাহ ভ্যারাইটিজ স্টোর অ্যান্ড ভাই ভাই ড্রাই ক্লিনার্স’র’- মালিক আবু তালেবের একমাত্র ছেলে। তাঁদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়। দীর্ঘদিন ধরে সিলেটের বিশ্বনাথ কারিকোনা দুর্গাপুর এলাকায় নিহত তরুণসহ তার পরিবার ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। জিসান মাঝে মাঝে বাবার ব্যবসায় সহযোগিতা করতেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জিসান ও হাসান মোটরসাইকেল নিয়ে সাদাপাথর ঘুরতে যাচ্ছিলেন। পথিমধ্যে বড়শালায় সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে তারা দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই জিসান মারা যান। আহত হাসান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি জানান।


