বিশ্বনাথে উপজেলা-পৌর যুবদলের কর্মীসভা ২৯ সেপ্টেবর, আসতে পারে নতুন নেতৃত্ব?
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৫ ইং, ৮:৫০ অপরাহ্ণ | সংবাদটি ১০০ বার পঠিত
মোহাম্মদ আলী শিপন:: সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌর যুবদলের কর্মীসভা আগামী ২৯ সেপ্টেবর অনুষ্ঠিত হবে। এ কর্মীসভা থেকে আসতে পারে দুই ইউনিটিনের নতুন নেতৃত্ব। সিলেট জেলা যুবদলের অধীনে দুই ইউনিটের কমিটি ঘোষণার প্রস্তুতিতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক তোড়জোড় ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। উপজেলা যুবদলের নতুন নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। দৌড়ঝাঁপ শুরু করেছেন পদপ্রত্যাশীরা। তদবির নিয়ে কড়া নাড়ছেন শীর্ষ নেতাদের দরজায়। স্বচ্ছ ইমেজের নেতাদের পাশাপাশি নেতৃত্ব পেতে ছুটোছুটি করছেন বিতর্কিতরাও। উপজেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। দেশ-বিদেশে চলছে লবিং। যারা আহবায়ক কমিটিতে স্থান পাননি তারা এখন যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেতে জোর লবিং শুরু করেছেন।
এদিকে উপজেলা যুবদলের কমিটিতে স্থান পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন অনেকেই। দলের বিরোধীতাকারী কাউকে নতুন কমিটিতে স্থান না দিতে এবং যুবদলের গঠনতন্ত্র অনুযায়ী পদপ্রার্থী নেতাদের জীবনবৃত্তান্ত, দলীয় কর্মকান্ডে ভূমিকা, তৃণমূলে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে যাচাই-বাছাই করে এমন নেতাদের কমিটিতে দায়িত্ব দিতে জেলা যুবদলের প্রতি আহ্বান জানিয়েছেন উপজেলা যুবদলের পদপ্রত্যাশী ও তৃণমূল নেতাকর্মীরা। যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হওয়ায় নেতাকর্মীদের মধ্যে প্রাণচঞ্চলতা ফিরে এসেছে। কমিটিতে দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। কারা আসছেন উপজেলা যুবদলের দায়িত্বে এ নিয়ে যুবদল নেতাকর্মীর মধ্যে চলছে ব্যাপক আলাপ-আলোচনা। এবার নতুন কমিটি গঠন হলে উপজেলা যুবদল আরও চাঙা হবে বলে জানিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা। উপজেলা-পৌর যুবদলের নতুন নেতৃত্ব চেয়ে প্রায় দুই মাস পূর্বে বিজ্ঞপ্তি জারী করে জেলা যুবদল। কর্মীসভা পরবর্তী যেকোনো দিন নতুন কমিটি ঘোষণা করা হতে পারে এমন গুঞ্জন উপজেলা ও পৌর যুবদলের মধ্যে রয়েছে ।
অপরদিকে নতুন কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক গুরুত্বপূর্ণ পদ পেতে সম্ভাব্য প্রার্থীরা দৌঁড়ঝাপ শুরু করেছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আসতে আগ্রহী নেতাদের অনুসারীরাও লবিংয়ে অংশ নিচ্ছেন। গত বছরের ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতি রাজনৈতিক মেরুকরণ এবং দলের দুঃসময়ে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে একটি নতুন নেতৃত্ব আশা করছেন মাঠের কর্মীরা।
জানা যায়, বিশ্বনাথ উপজেলা যুবদলের সভাপতি পদে মধ্যে আলোচনায় রয়েছেন বর্তমান আহবায়ক শামছুল ইসলাম, যুগ্ম-আহবায়ক মুসলিম আলী, আবদুল হান্নান বাবুল, সাধারণ সম্পাদক পদের আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির যুগ্ম-আহবায়ক নাজিম উদ্দিন, আবদুল লতিফ, সদস্য রুমেল আলী, সুলতান খান, ইসলাম উদ্দিন, তারেক আহমদ, সাংগঠনিক সম্পাদক পদে উপজেলা যুবদলের সদস্য কিরণ বৈদ্য, সৌরভ আহমদ লাকি, আফিজ আলী মেম্বার। পৌর যুবদলের সভাপতি পদে পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ শাহজাহান, দিলোয়ার হোসেন সজিব, সাধারণ সম্পাদক পদে শাহ লিলু, ওয়াসিম উদ্দিন, আবদুস সামাদ জামাল, ইমরান আহমদ, বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে শাহারিয়া নাজিম, আশিক আলী।
যুবদলের দুই ইউনিটে যারা নেতৃত্ব আসতে আগ্রহী তারা দুই বলয়ের নেতার অনুসারি হওয়ায় নেতাদের মধ্যে চলছে ব্যাপক লবিং। যারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী। নেতৃত্ব প্রত্যাশীরা অনুসারী নেতাদের দরজায় কড়া নাড়ছেন।
জানাগেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি থেকে সরকার পতনের আন্দোলন, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস সন্ধান আন্দোলনে বিশ্বনাথের মাঠের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে উপজেলা বিএনপির সহযোগী সংগঠন হিসেবে সবসময়ই সরব ছিল উপজেলা যুবদল। সংগঠনের পাশাপাশি এককভাবের সবখানে ভূমিকা রেখেছেন নেতাকর্মীরা। নতুন কমিটি ঘিরে পদপত্যাশীরে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। সংগঠনের দায়িত্বশীলদের কাছে তদবির করতে অনেকে ছুটছেন রাজধানী ঢাকা ও জেলায়। বাদ নেই স্থানীয় নেতাদের কাছে ধরনা দেওয়াও। সাবেক ছাত্রনেতাদের মধ্যে কেউ কেউ হাল ধরতে চান উপজেলা যুবদলের। সংগঠনটির একাধিক নেতার সঙ্গে আলাপকালে জানা গেছে এসব তথ্য।
পদপ্রত্যাশী নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন যুবদল নেতা বলেন, যুবদল একটি বৃহৎ সংগঠন। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন, বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন, নিখোজ বিএনপি নেতা ও সিলেটের কোটি মানুষের প্রিয় নেতা এম ইলিয়াস আলীর সন্ধান আন্দোলসহ জুলাই গণঅভ্যুত্থানে যুবদলের কর্মীরা হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে সরব ছিল। দলের নেতা-কর্মীরা হামলা-মামলার স্বীকার হয়েছে। যুবদলের আহবায়ক কমিটি কমিটি গঠিত হয়েছে প্রায় দুই বছর আগে। বিএনপি’র সামনে নানা রকম রাজনৈতিক চ্যালেঞ্জ। রাজনৈতিক সকল চ্যালেঞ্জ মোকাবিলায় উপজেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন সময়ের দাবি।
তারা আরো বলেন, সংগঠনের সার্বিক কর্মসূচি ও তৎপরতা বৃদ্ধির জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিকল্প নেই। কমিটি গঠনে বিলম্ব হলে নেতাকর্মীরা মানসিকভাবে ভেঙে পড়বেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে এর প্রভাব পড়তে পারে। পূর্ণাঙ্গ কমিটিতে ত্যাগী, পরীক্ষিত ও স্বচ্ছ ইমেজধারী নেতাকর্মীরা জায়গা পেলে সংগঠন মজবুত হবে।
এব্যাপারে উপজেলা যুবদলের আহবায়ক শামছুল ইসলাম বলেন, আগামী ২৯ সেপ্টেবর উপজেলা ও পৌর যুবদলের কর্মীসভায় জেলার নেতৃবৃন্দ আসবেন। পৌর শহরে এ সভা অনুষ্ঠিত হবে। এ কর্মীসভায় নতুন নেতৃত্ব বাছাইয়ের রুপরেখা চূড়ান্ত হতে পারে। কর্মী সভায় উপজেলার প্রতিটি ইউনিয়নের সকল পর্যায়ের নেতাকর্মীর উপস্থিত থাকার আহবান জানান।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুসলিম আলী বলেন, দলের দূর্দিনে যারা ছিলেন না বর্তমান সুসময়ে তারাও নেতৃত্বে আসতে চাচ্ছেন। তবে আমাদের বিশ্বাস জেলা নেতৃবৃন্দ বিগত দিনে আন্দোলন সংগ্রামে থাকা নেতৃত্ব বেছে নিবেন।
যুবদল নেতা রুমেল আলী বলেন, জাতীয়তাবাদী যুবদলের নতুন নেতৃত্বের মাধ্যমে মাঠ পর্যায়ে দলের অবস্থান শক্ত হবে। যুবদল নেতারা দীর্ঘদিন যাবৎ পূর্ণাঙ্গ কমিটির অপেক্ষায় রয়েছেন, তাদের পরিচয় ও প্রত্যাশা পূরণের লক্ষ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে বলে তৃণমূলের নেতাকর্মীরা বিশ্বাস করেন। দীর্ঘদিন পর যুবদলের মধ্যে প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে।


