তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্ঠা হুমায়ুন কবির দেশে আসছেন কাল
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৫ ইং, ৮:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ৮৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হুমায়ুন কবির যুক্তরাজ্য থেকে দেশে আসছেন আগামীকাল সোমবার। সকাল সাড়ে ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছবেন তিনি। সিলেটে সংক্ষিপ্ত অবস্থানে তার নিজ নির্বাচনী এলাকা বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলাবাসীর সাথে মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহন করবেন তিনি। হুমায়ুন কবিরকে বিমান বন্দরে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিশ্বনাথ-ওসমানীনগরের তাঁর অনুসারী নেতারা। ইতিমধ্যে বিমানবন্দরে তাকে বরণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তার অনুসারী কয়েকজন নেতা জানিয়েছেন।
তারা জানান, সোমবার সকালে বিশ্বনাথ-ওসমানীনগর থেকে কয়েকশত গাড়ি বহর নিয়ে সিলেট বিমান বন্দরে তারা অবস্থান করবেন। বিমান বন্দরে সিলেট-২ আসনের আগামী দিনের কান্ডারী হুমায়ুম কবির সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হবে। এতে সিলেট জেলা ও বিশ্বনাথ-ওসমানীনগরের বিএনপির কয়েক শত নেতাকর্মী উপস্থিত থাকবেন।
হুমায়ুম কবির দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, আগামীকাল সোমবার সিলেট-২ আসনের ধানের শীষের কান্ডারী হুমায়ুম কবির দেশে ফিরছেন। তাকে সিলেট বিমানবন্দরে বরণ করতে বিশ্বনাথ-ওসমানীনগরের বিএনপি ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থাকবেন।
তিনি আরও বলেন, হুমায়ুম কবির দেশে অবস্থানকালে তাঁর নির্বাচনী এলাকা বিশ্বনাথ-ওসমানীনগরে বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ-মতবিনিময়, সুধীজনের সঙ্গে সাক্ষাৎ, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।


