বিশ্বনাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনও’র অভিযান, একজনকে সাঁজা
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৫ ইং, ৬:১৪ অপরাহ্ণ | সংবাদটি ৭৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি, স্বাস্থ্য সেবায় অনিয়ম, হাসপাতালের ওষুধ গ্রামে বিক্রি এবং সময় মতো ডাক্তার না পাওয়াসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে হঠাৎ করেই আকস্মিক অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুনন্দা রায়। (২৫ সেপ্টেবর) বৃহস্পতিবার সকালে একদল পুলিশ সঙ্গে নিয়ে তিনি এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে উপজেলা নির্বার্হী অফিসার (ইউএনও) সুনন্দা রায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একজন দালালকে সরকারি স্বাস্থ্য সেবা নিতে রোগীদের বাধাগ্রস্থ করার অভিযোগে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় অর্থদন্ডসহ তিন মাসের কারাদন্ড প্রদান করেন।
এছাড়াও, হাসপাতালের টিকেট কাউন্টারে বিভিন্ন অসংগতি খুঁজে পাওয়ায় হাসপাতালের একজন স্টাফকে সতর্কতামূলক অর্থদন্ড এবং অপর আরেকজন স্টাফকে সতর্ক করা হয়েছে।
অভিযানে তানভির হোসেন (২৭) নামের দালালকে তিন মাসের কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। সে উপজেলার দেওকলস ইউনিয়নের জগতপুর গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে।
এদিকে বিভিন্ন অসংগতি পাওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ আলী আমজদকে ২০০ টাকা জরিমানা ও আলেয়া বেগমকে কঠোরভাবে সতর্ক করেন ইউএনও।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চলে আসা এসব অভিযোগের ভিত্তিতে ইউএনও’র এ আকস্মিক অভিযান স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্বাস্থ্য সেবার মান উন্নত করতে এবং অনিয়ম দূরীকরণে এই ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকে।
এ সময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিস্কার করার বিষয়ে কর্তৃপক্ষের নিকট অনুরোধ করেন। অভিযান পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলওয়ার হোসেন সুমন ও থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একজনকে তিনমাসের সাঁজা ও অর্থদন্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায় বলেন, জনগণের স্বাস্থ্য সেবার জন্য প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।


