দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিশ্বনাথে সাংবাদিকদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৫ ইং, ৩:২৮ অপরাহ্ণ | সংবাদটি ১৩২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ.এম.এম বাহাউদ্দিন ও বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা আবদুস সালামের ওপর আদালতে ষড়যন্ত্রমূলক মিথ্যা ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়েরের প্রতিবাদে সিলেটের বিশ্বনাথের তিন সাংবাদিক সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে। (৫ অক্টোবর) রোববার সকাল সাড়ে ১১টায় বিশ্বনাথ সদরের বাসিয়া সেতুর ওপর বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সংবাদপত্র ও সাংবাদিকদের কণ্ঠ রুদ্ধ করার অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না। সাংবাদিকরা সবসময় সত্য, ন্যায় ও জনগণের স্বার্থে কাজ করে থাকেন। অথচ তাদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, যা বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি। দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ.এম.এম বাহাউদ্দিন ও বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা আবদুস সালামের ওপর বিশ্বনাথের তেঘরি গ্রামের বাসিন্দা এডভোকেট শামীম আহমদ কর্তৃক সিলেটের একটি আদালতে ষড়যন্ত্রমূলকভাবে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানান। অন্যথায় বিশ্বনাথে কর্মরত সকল সাংবাদিকরা কঠোর কর্মসুচী দিতে বাধ্য হবে।
বক্তারা আরও বলেন, ইনকিলাব সম্পাদকের ওপর দায়েরকৃত মামলার বাদি এডভোকেট শামিম আহমদ একজন মামলাবাজ। তিনি একের পর এক এলাকাবাসীর ওপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন এমন অভিযোগও রয়েছে। এডভোকেট হিসেবে নিজের ক্ষমতা দেখিয়ে তিনি এসব মিথ্যা মামলা দিয়ে শান্ত বিশ্বনাথকে অশান্ত করে তুলছেন। হামলা-মামলার ভয়ে দেখিয়ে দেশের সাংবাদিক সমাজকে দমিয়ে রাখা যাবেনা। অন্যায়, অত্যাচার, দূর্র্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবে। দেশব্যাপী সাংবাদিকদের হত্যা, মামলা ও হয়রানী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের অন্যতম সদস্য ও রুপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান সালমান ফরিদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মূল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সহ-সভাপতি এমআর টুনু তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমদ সুহেল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ, বর্তমান আহবায়ক মশিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক শুকরান আহমদ রানা, প্রচার সম্পাদক মশাহিদ আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মাওলানা শহিদুর রহমান, জামাল মিয়া, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সদস্য বদরুল ইসলাম মহসিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নুরুল ইসলাম, আব্দুস সালাম মুন্না, আহমদ আলী হিরণ, সুজিত দে, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল আশিকী, কামরুল ইসলাম, তৌফিকুর রহমান হাবিব, আব্দুল্লাহ, আরকুম আলী, আবিদ উদ্দিন নিজাম, বিশ্বনাথ প্রেসক্লাবের শিক্ষানবীশ সদস্য মোস্তাক আহমদ মোস্তাফা, জাহান আহমদ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের শিক্ষানবীশ সদস্য আফজল মিয়া।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ‘দৈনিক ইনকিলাব পত্রিকার ৯নং পৃষ্ঠার ৫নং কলামে কোটি টাকার খাস জমি আত্মত্মসাৎ চেষ্টা: বিশ্বনাথে উত্তেজনা” শীর্ষক শিরোনামে প্রকাশিত হয়। এরই জের ধরে গত ২৯ সেপ্টেম্বর ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিন ও বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা আবদুস সালামসহ ৭ জনকে অভিযুক্ত করে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (১ম) আদালতে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেন উপজেলার তেঘরি গ্রামের মৃত তেরা মিয়ার ছেলে এডভোকেট শামিম আহমেদ।


