বিশ্বনাথে ১০৬ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি আটক
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৬ ইং, ৫:৫২ অপরাহ্ণ | সংবাদটি ৫৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ কয়ছর আলী (৩৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে বিশ্বনাথ পৌরসভার গন্ধারকাপন গ্রামে তাঁর নিজ বাড়িতে এ অভিযান চালানো হয়। আটক কয়ছর আলী গন্ধারকাপন মৃত ইউসুফ আলীর ছেলে। পুলিশ রেকর্ড অনুযায়ী, তার বিরুদ্ধে ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে ৬টি মাদক মামলা রয়েছে।
থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল কয়ছর আলীর বসত ঘরে তল্লাশি চালায়। এসময় তার ঘর থেকে ১০৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৬ হাজার টাকা। উদ্ধার হওয়া মাদকের মধ্যে ভদকা ও বিভিন্ন ব্র্যান্ডের হুইস্কি রয়েছে।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


