সিলেট-২ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানালেন লুনা
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ইং, ১১:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা ১ লাখ ১৬ হাজার ৬৯৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্ধি ১১ দলীয় জোট সমর্থিত মুহাম্মদ মুনতাসির আলী (খেলাফত মজলিস) দেয়ালঘড়ি প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৪৪৬ ভোট। এতে বিএনপি প্রার্থী ৭৯ হাজার ২৫১ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হন। ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তাহসিনা রুশদীর লুনা। পরে শুক্রবার রাতে (১৩ ফেব্রুয়ারি) নিজ বাসভবনে জনসাধারণের মধ্যে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
বিজয়ের প্রতিক্রিয়ায় তাহসিনা রুশদীর লুনা বলেন, এই বিজয় আমার একার নয়, এটি আমার বিশ্বনাথ-ওসমানীনগরবাসীর। যারা অক্লান্ত পরিশ্র করেছেন, তাদের উৎসর্গ এই সাফল্য। আমি আনন্দিত যে এই আসনটি আবারও ধানের শীষের জয় দ্বারা সজ্জিত হয়েছে। আমি সর্বদা ন্যায় ও সত্যের পথ অনুসরণ করে কাজ করব। এ আসনে আমার স্বামী নিখোঁজ ইলিয়াস আলী সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ আসনের ভোটারা ইলিয়াস আলীকে ভালবেসে ধানের শীষকে আবারও বিজয়ী করেছেন। ইলিয়াস আলী মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। আজকের এই রায় তার আদর্শের প্রতি জনগণের ভালোবাসার প্রতিফলন।
তিনি আরও বলেন, এই নির্বাচনের সময় সিলেট-২ আসনে ভোটগ্রহণ ও গণনা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। ভোটাররা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করেছেন এবং ভোট প্রদানের পর আনন্দের সঙ্গে নিজ নিজ ঘরে ফিরেছেন।
নেতাকর্মী ও তাঁর নির্বাচনী আসনের মানুষের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করে তাহসিনা রুশদীর লুনা বলেন, এই বিজয় আমার একার নয়,এটি সিলেট-২ আসনের সর্বস্তরের জনগণ, দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ ভোটারদের সম্মিলিত অর্জন। আপনাদের অকুণ্ঠ সমর্থন, সাহস ও ভালোবাসাই আমাকে এই পথ চলায় শক্তি জুগিয়েছে। আমি প্রত্যেক ভোটার, কর্মী ও সমর্থকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।


