বিশ্বনাথের শ্রীপুরে দেশজুড়ে আলোচিত ঘটনার নিম্পত্তি করলেন এমপি
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৬ ইং, ৫:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ১০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: দেশজুড়ে আলোচিত সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামের শাহ ইব্রাহিম মাস্তানের মাজারে ওরসকে কেন্দ্র করে আলোচিত ঘটনার অবশেষে স্থানীয় এমপি তাহসিনা রুশদীর হস্তক্ষেপে নিস্পত্তি হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে দুইপক্ষকে নিয়ে শালিস বৈঠকে বসেন এমপি। অবশেষে বৈঠকে আপোষ-মিমাংশায় দুটি পক্ষের বিরোধ নিস্পত্তি হয়।
সালিশ বৈঠকে এমপি তাহসিনা রুশদীর স্পষ্ট নির্দেশনা দেন, উপজেলার কোনো মাজারেই ওরস উপলক্ষে উচ্চস্বরে গান বাজিয়ে জনসাধারণের ভোগান্তি সৃষ্টি করা যাবে না। ধর্মীয় পরিবেশ বজায় রাখতে ওরসে জিকির ও ভক্তিমূলক গানই সীমিত পরিসরে স্পিকারে প্রচার করতে হবে।
এমপি কঠোরভাবে সতর্ক করে বলেন, মাজারকেন্দ্রিক কোনো অনুষ্ঠানে মদ, গাঁজা কিংবা অনৈতিক কর্মকান্ডের কোনো সুযোগ নেই। সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় এসব বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ওরস মাহফিলে নারী ও পুরুষের জন্য আলাদা ব্যবস্থা রাখারও নির্দেশ দেন।
এরআগে দুপুরে তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামে শাহ ইব্রাহিম মাস্তানের মাজার ও ক্ষতিগ্রস্থ মসজিদ পরিদর্শন করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে কুলসুম রুবি, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়াসহ উপজেলা বিএনপির নেতাকর্মী এবং উভয় পক্ষের নেতৃবৃন্দ।
উল্লেখ, গত ২২ মার্চ রাতে উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামে শাহ ইব্রাহিম মাস্তানের মাজারে ওরসের ২য় দিনে মাইকে উচ্চসুরে গান বাজানোকে কেন্দ্র করে গানের আসরে হামলা করে গানের স্টেইজ ভাঙচুর করে স্থানীয় জনতা। পরদিন সকালে পাল্টা হামলা করে মাজারের ভক্তরা গ্রামের লোকজনের বাড়িঘর ও মসজিদের গ্লাস ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠে। এনিয়ে এলাকায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দিলে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন একদল পুলিশ সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।


