ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন এমপি তাহসিনা রুশদীর
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৬ ইং, ২:২৩ পূর্বাহ্ণ | সংবাদটি ৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর তাঁর নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
এমপি তাহসিনা রুশদীর সংবাদ মাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে ত্যাগ, সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার আহবান জানায়।’
তিনি বলেন, ‘ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ে—এটাই আমাদের প্রত্যাশা। ধনী-গরিব ভেদাভেদ ভুলে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের মুখে হাসি ফুটাতে পারলেই ঈদের প্রকৃত আনন্দ অনুভব করা সম্ভব।’
এমপি আরও বলেন, ‘বিশ্বনাথ ও ওসমানীনগরের সার্বিক উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি, খাল খনন, অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক বেশ কিছু কার্যক্রম ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং আরও অনেক কাজ চলমান রয়েছে। আগামী দিনেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সকলকে সঙ্গে নিয়ে কাজ করে যেতে চাই।’
তিনি প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা উল্লেখ করে বলেন, ‘আমাদের প্রবাসী ভাই-বোনেরা দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের ত্যাগ ও অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’ পরিশেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং সবাইকে নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দমুখর ঈদ উদযাপনের আহ্বান জানান।


