যথাযোগ্য মর্যাদায় বিশ্বনাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২৬ ইং, ১২:০৪ অপরাহ্ণ | সংবাদটি ২১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: যথাযোগ্য মর্যাদায় সিলেটের বিশ্বনাথে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ পালন করা হয়েছে। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি পালনের কার্যক্রম শুরু হয়।
এরপর ৩১ বার তোপধ্বনির প্রদানের পর সকাল ৬টা থেকে পৌর শহরের উপজেলা পরিষদস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন’সহ বিভিন্ন দপ্তর, স্কুল-কলেজ ও সংগঠনের পক্ষ থেকে অর্পণ করা শ্রদ্ধাঞ্জলি। ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে উপজেলা প্রশাসন’সহ বিভিন্ন দপ্তর, স্কুল-কলেজ ও সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা’সহ নানান অনুষ্ঠানের।
স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, বিশ্বনাথ পৌরসভা, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন, বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন, আনসার-ভিডিপি, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিস’সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন।
উপজেলা পরিষদ প্রাঙ্গনে সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহন করা হয়। কুচকাওয়াজে অংশগ্রহন করেন পুলিশ, আনসার ও ভিডিপি, স্কাউটস দল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরপর সকাল ১১টায় বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লুৎফুর রহমান, বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আ্লী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম-সম্পাদক মোনায়েম খান, সাংগঠনিক সম্পাদক আবদুল মুমিন মামুন, যুবদলের যুগ্ম-আহবায়ক আবদুল লতিফ, আবদুল হান্নান বাবুল, ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল প্রমুখ। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।


