সংসদে দাঁড়িয়ে ইলিয়াস আলী খোঁজ জানতে চাইলেন স্ত্রী
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৬ ইং, ১২:১০ পূর্বাহ্ণ | সংবাদটি 0 View
নিজস্ব সংবাদদাতা:: গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর খোঁজ জানতে চেয়েছেন তার স্ত্রী সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর। একইসঙ্গে জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে গুমের ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানিয়েছেন। সোমবার (৩০ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তাহসিনা রুশদীর বলেন, ‘ইলিয়াস আলী, দিনার, আনসার ও সুমন পারভেজসহ আরও যারা গুম হয়েছেন, তাদের পরিবারের সদস্যরা জানতে চায় তাদের সন্তান কোথায়? আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি, প্রায় দেড় বছরের কাছাকাছি সময় হয়ে গেল। কিন্তু আমরা এখনো জানি না, আমাদের স্বজনরা কোথায়?
তাহসিনা রুশদীর বলেন, আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তাদের নিয়ে কথা বলেছি, কিন্তু আমরা এখনও জানি না তাদের অবস্থান কি। তাদের পরিণতি কি।
এ সময় তিনি স্পিকারের উদ্দেশে বলেন, “আমি আপনার মাধ্যমে ইলিয়াস আলীসহ যারা গুম হয়েছেন, তাদের অবস্থান, তাদের পরিণতি কি জানতে চাই। এসব গুমের সঙ্গে যারা জড়িত তাদের বিচার এবং গুমের শিকার হওয়া ব্যক্তির পরিবারের সদস্যদের আর্থিক জটিলতা নিরসন করতে পুনর্বাসনের জন্য জোর দাবি জানান এই সংসদ সদস্য।
এ সময় তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে দাবি জানান, ১৭ বছরে যারা গুম হয়েছেন, খুন হয়েছেন, তাদের জুলাইযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার।
রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, স্পিকার আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি। এই অর্থে যে উনি বিগত ১৭ বছরের ফ্যাসিস্টের ভূমিকা তুলে ধরেছেন এবং এই গুম-খুন নিয়ে উনি সঠিক চিত্র তুলে ধরেছেন। বিএনপির যে নির্বাচনি ইশতেহার সেই ইশতেহার বাস্তবায়নের জন্যে তিনি তার সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরেছেন, সে কারণে আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের সকলের প্রচেষ্টায় ইনশাআল্লাহ এ দেশ থেকে গুম-খুন নির্মূল হবে এবং একটি বৈষম্যহীন সশৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠিত হবে।
তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিএনপির দলীয় মনোনয়ন দিয়ে এ নির্বাচনে অংশগ্রহন করার সুযোগ দেয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে বিজয়ী করে এ সংসদে পাঠানোর সুযোগ করে দেয়ায় এলাকার জনগনকে তিনি অভিনন্দন জানান।
প্রঙ্গসঙ্গত, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বিএনপি নেতা এম ইলিয়াস আলী তার ব্যক্তিগত গাড়িচালক আনসার আলীসহ ঢাকার বনানী থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। এরপর তার কোনও খোঁজ-খবর পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে তাকে বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুম করা হয়।


