বিশ্বনাথে ওরসের নামে অশ্লীলতার অভিযোগ, পাল্টাপাল্টি হামলা : মসজিদে ভাংচুর
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৬ ইং, ১১:০৬ অপরাহ্ণ | সংবাদটি ৩৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামে ইব্রাহিম শাহ মাস্তানের মাজারে উচ্চ সুরে গান বাজনা, মাদক সেবন, মাদক বিক্রির অভিযোগ নিত্যদিনের। (২২ মার্চ) গতকাল সোমবার এ মাজারে ওরসের ২য় রাতে উচ্চ সুরে মাইকে গান বাজনা করায় এলাকার লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এক পর্যায়ে স্থানীয় জনতা ওরসের আসরে হামলা চালিয়ে গানের মঞ্চ ভাংচুর করে। এ ঘটনাকে কেন্দ্র করে ওরস ভক্তরা ক্ষিপ্ত হয়ে আজ মঙ্গলবার সকালে শ্রীপুর জামে মসজিদে হামলা চালায়। এতে মসজিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং এলাকায় দিন ব্যাপি উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে বিশ্বনাথ থানা ও জেলা পুলিশের এডিশনাল এসপি জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সাথে আলাপ-আলোচনা করলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
এব্যাপারে শ্রীপুর গ্রামের নুর মিয়া, কাঁচা মিয়াসহ কয়েকজন গ্রামবাসী সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে ওরসের নামে অশ্লীল নিত্য, উচ্চ আওয়াজে গান বাজনা, অবাধে মাদক সেবন, বিক্রি ও বেহায়াপনার এক স্বর্গরাজ্য গড়ে তুলেছে। এতে গ্রামবাসী বাঁধা প্রদান করলেও কোন কর্ণপাত করেনি মাজারের খাদেম দুদু মিয়া ও তার অনুসারিরা। এক পর্যায়ে গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে ওরস ভঙ্গ করতে বাধ্য হয়। সকালে মাজারের লোকজন মাজাওে পাশে মসজিদে হামলা করে ব্যাপক ক্ষতি সাধন করে।
মাজারের খাদেম দুদু মিয়া জানান, ওরসে গান বাজনা করায় অসুবিধা হলে আমরা মাজার কর্তৃপক্ষকে না জানিয়ে হামলা, ভাংচুর করা হয়েছে। আর মসজিদে হামলার ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে জানান।
সিলেট জেলা পুলিশের এডিশনাল এসপি জাকির হোসেন বলেন, আজ সন্ধার পূর্বেই ওরস বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। মসজিদে হামলার ব্যাপারে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।


